লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত বেড়ে ৫২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০১:২১
বৈরুতের দক্ষিণের উপনগরীতে বোমাবর্ষণের ফলে ধোঁয়া উড়ছে/ ছবি- এএফপি
লেবাননে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত এবং ১৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন সরকার।
এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, নিহত ৩১ জন এবং আহত ১৪৯ জন।
লেবানন সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণের উপনগরীতে বোমাবর্ষণের কারণে ২৮,৫০০-এর বেশি মানুষ তাদের বাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় কমপক্ষে ১৬৮ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া রাজধানী ও উত্তরাঞ্চলে পৃথক হামলায় আরও তিন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে এক চীনা নাগরিকও নিহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, তাদের সামরিক অভিযান শুরুর পর অন্তত ১০ জন নিহত এবং ২০০-এর বেশি আহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন বেইত শেমেশ শহরের বাসিন্দা। সেখানে একটি বম্ব শেল্টারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
পাশাপাশি ইরাকে চারজন, সংযুক্ত আরব আমিরাতে তিনজন এবং কুয়েত ও বাহরাইনে নিহতের তথ্য পাওয়া গেছে।
সূত্র: আল-জাজিরা
এএস/

