ইরানে হামলা অনন্ত যুদ্ধ নয়, এটি শান্তির পথ : নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:১৮
বর্তমান সংঘাতকে ‘অনন্ত যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর মতে, এটি মূলত আঞ্চলিক শান্তির একটি ‘প্রবেশদ্বার’। একই সঙ্গে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘমেয়াদি কোনো যুদ্ধে জড়িয়ে পড়বে, এমন আশঙ্কাও উড়িয়ে দিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁরা একসঙ্গে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ রূপরেখা তৈরি করেছিলেন, যার ফলে চারটি আরব দেশের সঙ্গে শান্তি চুক্তি নিশ্চিত হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর আশা, এখন ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আরও অনেক দেশের সঙ্গে শান্তি চুক্তি করা সম্ভব হবে।
সমালোচকদের জবাব দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়; বরং এটি শান্তির পথ। মানুষ যা ভাবছে বা বলছে, বাস্তবতা ঠিক তার উল্টো।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির ওপর হামলার যৌক্তিকতা তুলে ধরে নেতানিয়াহু বলেন, তাঁদের হাতে সময় খুব কম ছিল। তাঁর দাবি, আর কয়েক মাসের মধ্যেই ইরানের এসব স্থাপনা যেকোনো হামলার জন্য ‘অভেদ্য’ হয়ে উঠত। তিনি বলেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত করার পরও তারা শিক্ষা নেয়নি। তারা কট্টরপন্থী এবং আমেরিকাকে ধ্বংস করার বিষয়ে অনড়। তারা এমন সব ভূগর্ভস্থ বাংকার ও নতুন স্থাপনা তৈরি করছিল, যা কয়েক মাসের মধ্যে ইসরায়েলের নাগালের বাইরে চলে যেত। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আর কখনোই তা সম্ভব হতো না বলে সতর্ক করেন তিনি।
ফক্স নিউজ নেতানিয়াহুর এই সাক্ষাৎকার এমন এক সময়ে প্রকাশ করল, যখন তাঁর নিজের অবস্থান নিয়ে একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। গত সোমবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে।
তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে ইরানের এই দাবি পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর প্রধানমন্ত্রীর ভাগ্য অনিশ্চিত, ইরানের এমন দাবিকে ‘ভুয়া খবর’ হিসেবে আখ্যা দিয়েছে তারা। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, জেরুজালেমে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বাজার পর সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পূর্ণ অক্ষত রয়েছে।
সূত্র : ফক্স নিউজ
এমএন

