মধ্যপ্রাচ্যের ‘সব অর্থনৈতিক কেন্দ্রে’ হামলার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২৩:৪৪
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের ‘সব অর্থনৈতিক কেন্দ্রে’ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জেনারেল ইব্রাহিম জাব্বারি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
জাব্বারি বলেন, ‘শত্রু যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে আঘাত করব।’
ইরানের বার্তা সংস্থা ইসনা-র উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে এবং শিগগিরই তা ২০০ ডলারে পৌঁছাবে।’
উল্লেখ্য, বিশ্ববাজারে লেনদেন হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এ পথ দিয়ে রপ্তানি হয়। প্রতিদিন বৈশ্বিক তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ-প্রায় ২ কোটি ব্যারেল-এই সরু নৌপথ অতিক্রম করে।

