ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের আবহে এবার কিউবা নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, খুব শিগগিরই কিউবার পতন হতে যাচ্ছে।
সিএনএনের সাংবাদিক ডানা ব্যাশকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় মেয়াদে মার্কিন সামরিক সাফল্যের ফিরিস্তি দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘প্রাসঙ্গিক না হলেও বলে রাখি, খুব শিগগিরই কিউবার পতন হতে যাচ্ছে। তারা একটি চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে আছে।’
ট্রাম্প আরও জানান, তিনি কিউবা পরিস্থিতির ওপর বিশেষ নজর দিচ্ছেন। তিনি বলেন, ‘আমি কিউবার দিকে মার্কো রুবিওকে পাঠাচ্ছি, দেখি কী হয়। আমরা এখন এই বিষয়টিতেই সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি। আমাদের হাতে যথেষ্ট সময় আছে, ৫০ বছর পর কিউবা এখন প্রস্তত।’
সাক্ষাৎকারে ট্রাম্প নিজের কৃতিত্ব দাবি করে বলেন, ‘আমি গত ৫০ বছর ধরে এটি পর্যবেক্ষণ করছি। আমার কারণেই এটি (কিউবা) এখন হাতের মুঠোয় চলে এসেছে। আমরা খুব ভালো করছি।’
এর এক দিন আগে হোয়াইট হাউসে ট্রাম্প মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবানদের নিজেদের দেশে ফিরে যাওয়া এখন কেবল ‘সময়ের ব্যাপার’। তার কথায় ইঙ্গিত পাওয়া যায় যে, বর্তমানে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পর কিউবা হতে যাচ্ছে প্রশাসনের পরবর্তী প্রধান এজেন্ডা।
নিজের পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘তিনি দুর্দান্ত কাজ করছেন। আপনার (পররাষ্ট্রমন্ত্রী) পরবর্তী কাজ হতে যাচ্ছে সেই বিশেষ কিউবা। তিনি অপেক্ষায় আছেন। তবে তিনি বলছেন, আগে এটি (ইরান যুদ্ধ) শেষ করি। আমরা চাইলে সব কাজ একসাথেই করতে পারতাম, কিন্তু তাতে খারাপ কিছু হতে পারে। বছরের পর বছর ধরে লক্ষ্য করলে দেখবেন, খুব দ্রুত সবকিছু করতে গেলে বিপদ ঘটে। আমরা এই দেশের (যুক্তরাষ্ট্র) কোনও ক্ষতি হতে দেব না।’
এএস/

