ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২৩:১৮
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে উত্তর ও মধ্য ইসরায়েলসহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) বাজার পরপরই এই হামলার খবর আসে। এতে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, সে সম্পর্কেও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছর ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়েও হাইফার এই তেল শোধনাগারটি হামলার শিকার হয়েছিল, যা অঞ্চলটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে গতকাল বুধবার ভোরে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র-এর একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র, যার একটি অংশ কাতার-এর অন্তর্ভুক্ত।
সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জবাবে ইরান সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি খাতে পাল্টা হামলা চালিয়েছে। এরই অংশ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্স-এর কিছু অংশে আগুন লাগে, যা বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস কেন্দ্র হিসেবে পরিচিত।
সূত্র: রয়টার্স ও আল-জাজিরা

