পাকিস্তানের মাধ্যমে ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১৭:৩৫
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির একটি নথি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ইসলামাবাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে তেহরানের কাছে উপস্থাপন করেছে। এখন ইরানের পক্ষ থেকে এ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।
ওসামা বিন জাভাইদ জানান, প্রস্তাবটি সরাসরি যুক্তরাষ্ট্র থেকে ইরানের কাছে না গিয়ে পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে, যা মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকাকে স্পষ্ট করে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের অভাব ও উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণেই এই পরোক্ষ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে—আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে এমন বৈঠক হলে তা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা চলছে। তবে ইরান সরকার এ দাবি নাকচ করে জানিয়েছে, তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠানো এবং সম্ভাব্য বৈঠকের উদ্যোগ—দুইই ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এখন ইরানের প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে পরিস্থিতির অগ্রগতি।

