Logo

আন্তর্জাতিক

চাঁদে পাড়ি জমাতে নাসার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৯:৫০

চাঁদে পাড়ি জমাতে নাসার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন

আর্টেমিস-২

দীর্ঘ অর্ধশতাব্দী পর পৃথিবী থেকে চাঁদের অভিমুখে আবারও পাড়ি জমাচ্ছে মানুষ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা  তাদের বহু প্রতীক্ষিত আর্টেমিস-২’  মিশন শুরু করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই চারজন নভোচারী নিয়ে চাঁদের উদ্দেশ্যে উড্ডয়ন করবে বিশালাকার রকেট। তবে এবারের লক্ষ্য শুধু চাঁদে পা রাখা নয়, বরং সেখানে স্থায়ী বসতি গড়া এবং লাল গ্রহ মঙ্গলে যাওয়ার মহড়া দেওয়া।

আর্টেমিস প্রোগ্রামে এখন পর্যন্ত নাসা প্রায় ৯৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ৫০ বছর আগে অ্যাপোলো মিশনের মাধ্যমে যেখানে চাঁদে পা রাখা হয়েছে, সেখানে আবারও কেন এই বিপুল খরচ? বিজ্ঞানীরা বলছেন, এবারের উদ্দেশ্য ভিন্ন। চাঁদে রয়েছে পৃথিবী থেকে বিলুপ্তপ্রায় রেয়ার আর্থ এলিমেন্ট’ বা বিরল খনিজ পদার্থ। এ ছাড়া টাইটানিয়াম, লোহা এবং হিলিয়ামের মতো মূল্যবান ধাতু সেখানে প্রচুর পরিমাণে রয়েছে। চাঁদের মেরু অঞ্চলে বরফ হিসেবে প্রচুর পানি জমা আছে। এই পানি শুধু পানের জন্যই নয়, একে ভেঙে অক্সিজেন (নিঃশ্বাসের জন্য) এবং হাইড্রোজেন (রকেট জ্বালানি) তৈরি করা সম্ভব।

১৯৬০-এর দশকে লড়াই ছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, আর ২০২৬ সালে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। চীন ইতোমধ্যেই চাঁদে রোবট পাঠিয়েছে এবং ২০৩০ সালের মধ্যে সেখানে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে এটি কেবল একটি পতাকা ওড়ানোর লড়াই নয়, বরং চাঁদের সেরা রিয়েল এস্টেট’ বা সম্পদ সমৃদ্ধ জায়গাগুলো দখল করার প্রতিযোগিতা।

২০৩০-এর দশকের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাতে চায় নাসা। কিন্তু পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব অনেক বেশি এবং ঝুঁকিও পাহাড়সম। তাই চাঁদকে একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হবে। চাঁদে সফলভাবে বসবাস করতে পারলে সেই প্রযুক্তি ব্যবহার করেই মঙ্গলে পাড়ি দেবে মানুষ। ১৯৬৯ সালে অ্যাপোলো মিশনের সাদা-কালো ভিডিও দেখে এক প্রজন্ম বিজ্ঞানে উৎসাহিত হয়েছিল। ২০২৬ সালের এই মিশন ফোর-কে রেজোলিউশনে সরাসরি সম্প্রচার করা হবে। নাসা আশা করছে, এর ফলে বর্তমান প্রজন্মের তরুণরা বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।

ব্রিটিশ নভোচারী ড. হেলেন শারম্যানের মতে, "এটি কেবল একটি মহাকাশ যাত্রা নয়, বরং এটি প্রমাণ করে যে মানুষ যদি একত্রিত হয় তবে কত বড় অসাধ্য সাধন করতে পারে।"

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন