Logo

আন্তর্জাতিক

সাইবার অপপ্রচারের মুখে ইলহান ওমর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৯:৪৯

সাইবার অপপ্রচারের মুখে ইলহান ওমর

ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ইলহান ওমরকে নিয়ে আবারও সরগরম মার্কিন রাজনীতি। সম্প্রতি বেশ কিছু প্রভাবশালী সংবাদমাধ্যম দাবি করে যে, সোমালিল্যান্ড সরকার ইলহান ওমরকে প্রত্যর্পণের’ আহ্বান জানিয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি ভুয়া এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের ওপর ভিত্তি করে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

গত ২৮ মার্চ কন্সারেভেটিভ ইনফ্লুয়েন্সার বেনি জনসনের সাথে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইলহান ওমরের বিরুদ্ধে ইমিগ্রেশন ফ্রড’ বা অভিবাসন জালিয়াতির অভিযোগ আনেন। তিনি দাবি করেন, ওমর যুক্তরাষ্ট্রের সাথে প্রতারণা করেছেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথ খুঁজছে হোয়াইট হাউস।

এই সাক্ষাৎকারের পরপরই @RepOfSomaliland নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়— "ডিপোর্টেশন (নির্বাসন)? আপনারা তো রাজকন্যাকে তার রাজ্যে ফেরত পাঠাচ্ছেন। প্রত্যর্পণ চান? শুধু একবার মুখ ফুটে বলুন..."। ফক্স নিউজ, নিউ ইয়র্ক পোস্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মতো বড় সংবাদমাধ্যমগুলো এই পোস্টটিকে সোমালিল্যান্ড সরকারের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে প্রচার করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে সোমালিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পরিষ্কার করেছে। তারা জানায়, বিতর্কিত ওই এক্স অ্যাকাউন্টটি কোনোভাবেই সরকারের প্রতিনিধিত্ব করে না। এর আগেও গত ডিসেম্বরে মন্ত্রণালয় সতর্ক করেছিল যে, কিছু ভুয়া অ্যাকাউন্ট সোমালিল্যান্ডের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যের জন্য আমরা সবাইকে শুধুমাত্র সরকারি ও অনুমোদিত চ্যানেলগুলো অনুসরণ করার পরামর্শ দিচ্ছি।

তথ্যগত ভুল ধরা পড়ার পর ফক্স নিউজ তাদের সংবাদে একটি দায়সারা সংশোধনী এনেছে। তারা শিরোনাম পরিবর্তন করে লিখেছে— "সোমালিল্যান্ড-পন্থী অ্যাকাউন্ট ইলহান ওমরের প্রত্যর্পণ সমর্থন করেছে", যা আগে সরকারি দাবি হিসেবে প্রচার করা হয়েছিল। ১২ বছর বয়সে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা এবং ১৭ বছর বয়সে নাগরিকত্ব পাওয়া ইলহান ওমর দীর্ঘদিন ধরেই ডানপন্থী রাজনীতিকদের লক্ষ্যবস্তু। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সোমালিয়াকে একটি "দুর্নীতিগ্রস্ত ও জঘন্য দেশ" হিসেবে অভিহিত করেছেন এবং মিনেসোটাকে "সোমালিদের হাত থেকে উদ্ধার" করার ঘোষণা দিয়েছেন। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এই ধরনের বক্তব্যকে 'অমানবিক' বলে নিন্দা জানিয়েছে। ইলহান ওমরের চিফ অব স্টাফ কনর ম্যাকনাট ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অভিযোগকে "হাস্যকর মিথ্যা" বলে উড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য যে, সোমালিল্যান্ড হর্ন অফ আফ্রিকার একটি স্বঘোষিত প্রজাতন্ত্র, যা ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে যায়। অঞ্চলটি আপেক্ষিক স্থিতিশীলতা বজায় রাখলেও আন্তর্জাতিক মহলে এখনও স্বীকৃতি পায়নি। তবে সম্প্রতি ইসরায়েল দেশটিকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে, যা ভূ-রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সোমালিয়া এখনও সোমালিল্যান্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে।

বিদ্বেষমূলক বক্তব্যের কারণে ইলহান ওমর ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছেন। গত জানুয়ারিতে মিনেসোটায় একটি টাউন হল মিটিং চলাকালীন এক ব্যক্তি সিরিঞ্জ দিয়ে তার ওপর হামলা চালায়। ওমরের মতে, হোয়াইট হাউসের উস্কানিমূলক বক্তব্যই এই রাজনৈতিক সহিংসতার মূল কারণ।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন