ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-এর (আইআরজিসি) গোয়েন্দাসংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) ইরানের ফার্স নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।
আইআরজিসির বিবৃতি অনুসারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে ‘যুক্তরাষ্ট্র-জায়নবাদি শত্রুদের এক সন্ত্রাসী হামলায়’ সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হত্যার দায় স্বীকার করেছে।
২০২৫ সালের জুন মাসে ১২ দিনব্যাপী যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত জেনারেল মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হন খাদেমি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে।
আল জাজিরা জানায়, এর মধ্যে তেহরান প্রদেশে হামলায় ছয় শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরের একটি আবাসিক এলাকায় হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর-ই লেঙ্গেহ-তে আরও ছয়জন নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
বাংলাদেশের খবর/এইচআর

