সামরিক ঘাঁটি থেকে আটক অ্যানি রামোস মুক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৮:৪৪
অ্যানি রামোস দম্পতি
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে আটক হওয়া এক মার্কিন সেনার স্ত্রীকে অবশেষে মুক্তি দিয়েছে দেশটির অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট (আইসিই) বিভাগ। শৈশব থেকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই তরুণীকে গত সপ্তাহে তার স্বামীর কর্মস্থল থেকেই আটক করা হয়েছিল। মুক্তির পর এক আবেগঘন বিবৃতিতে ২২ বছর বয়সী অ্যানি রামোস বলেন, “আমি শুধু এটুকুই চেয়েছি যে দেশটিকে আমি শিশুবেলা থেকে নিজের ঘর বলে জানি, সেখানে মর্যাদার সাথে বসবাস করতে।”
হন্ডুরাসে জন্ম নেওয়া অ্যানি শিশু বয়সেই
যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে তার পরিবার
একটি অভিবাসন শুনানিতে উপস্থিত হতে না পারায় তার বিরুদ্ধে দেশত্যাগের আদেশ (রিমুভাল
অর্ডার) জারি করা হয়েছিল। ২০২০ সালে তিনি ‘ডাকা’ কর্মসূচির আওতায় সুরক্ষার আবেদন
করলেও তা প্রক্রিয়াকরণ করা হয়নি।
গত ২ এপ্রিল অ্যানি এবং তার স্বামী ২৩
বছর বয়সী মার্কিন সেনা সার্জেন্ট ম্যাথিউ ব্ল্যাঙ্ক লুইজিয়ানার ওই সামরিক ঘাঁটিতে
গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সামরিক বাহিনীর জীবনসঙ্গী হিসেবে প্রাপ্য সুযোগ-সুবিধার তালিকায়
অ্যানির নাম নথিভুক্ত করা। সেখান থেকেই আইসিই এজেন্টরা তাকে হেফাজতে নেয়। এই দম্পতি
এর আগে থেকেই অ্যানির নাগরিকত্বের জন্য একজন আইনজীবীর পরামর্শ নিচ্ছিলেন। তবে হোমল্যান্ড
সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানায়, “এই প্রশাসন আইনের শাসন উপেক্ষা করবে না।”
মূলত পুরনো সেই দেশত্যাগের আদেশের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছিল।
মঙ্গলবার ফেডারেল হেফাজত থেকে মুক্তি পাওয়ার
পর অ্যানি জানান, তার মূল লক্ষ্য এখন বৈধভাবে বসবাসের অনুমতি নিশ্চিত করা। তিনি বলেন,
“আমি আমার ডিগ্রি
শেষ করতে চাই এবং দেশসেবায় নিয়োজিত আমার স্বামীর মতো আমিও সমাজের জন্য কাজ করতে চাই।
যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
অ্যানির স্বামী ম্যাথিউ ব্ল্যাঙ্ক বর্তমানে
বিদেশে মোতায়েনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। স্ত্রীর মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন
এই সেনা সদস্য ও তার পরিবার।
বাংলাদেশের খবর/ এম.আর

