Logo

আন্তর্জাতিক

অকাল মৃত্যুতেও অন্যের মাঝে বেঁচে থাকবেন ওর্লা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:০০

অকাল মৃত্যুতেও অন্যের মাঝে বেঁচে থাকবেন ওর্লা

ওর্লা ওয়েটস

ভিয়েতনামের উত্তরাঞ্চলের জনপ্রিয় পর্যটন পথ 'হা গিয়াং লুপ'-এ এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯ বছর বয়সী ব্রিটিশ তরুণী ওর্লা ওয়েটসের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে ওর্লার অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে ভিয়েতনামের বেশ কয়েকজন মুমূর্ষু রোগী নতুন জীবন পেতে যাচ্ছেন।

দুর্ঘটনা ও চিকিৎসা: ভিয়েতনামী গণমাধ্যম ভিয়েতনাম নিউজ’ জানিয়েছে, পাহাড়ি রাস্তায় ভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন ওর্লা। গুরুতর আহত অবস্থায় তাকে হ্যানয়ের ভিয়েত ডুক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের শ্রদ্ধা ও সিদ্ধান্ত: ওর্লার বাবা অ্যান্ড্রু এবং মা হেনরিয়েটা ওয়েটস তাদের মেয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ওর্লা ছিল অত্যন্ত সুন্দরী, স্বাধীনচেতা এবং দারুণ কৌতুকপ্রিয়। সে জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে ভালোবাসত।”

মেয়ের মৃত্যুতে শোকাহত মা বলেন, ওর্লা সবসময় অন্যকে সাহায্য করতে পছন্দ করত। সেই চিন্তা থেকেই তারা ওর্লার অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও যোগ করেন, অন্যদের মধ্যে ওর্লা বেঁচে থাকবে—এটিই আমাদের এই চরম দুঃসময়ে কিছুটা সান্ত্বনা দিচ্ছে।”

ভিয়েতনামের প্রতি ভালোবাসা: হাসপাতালের সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া এক সাক্ষাৎকারে ওর্লার বাবা অ্যান্ড্রু বলেন, ওর্লা ভিয়েতনামকে খুব ভালোবাসত। তার প্রিয় এই দেশটিকে কিছু ফিরিয়ে দেওয়া আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে।” কৃতজ্ঞতা প্রকাশ করে মা বলেন, ওর্লা এখানে জীবনের সেরা সময়টা কাটিয়েছে। ভিয়েতনামকে ধন্যবাদ জানানোর এটিই আমাদের উপায়।”

হা গিয়াং লুপ: পর্যটকদের কাছে জনপ্রিয় রুট: ভিয়েতনামের উত্তর সীমান্তে চীন সীমান্ত ঘেঁষা প্রায় ৩৫০ কিলোমিটারের (২২০ মাইল) এই আঁকাবাঁকা পাহাড়ি পথটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাধারণত মোটরবাইকে এই পথ পাড়ি দিতে তিন থেকে চার দিন সময় লাগে। তবে বিপজ্জনক মোড় ও পাহাড়ি ঢালের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ওর্লার পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন