Logo

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচনে ভারতের তিন রাজ্যে ভোটগ্রহণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৮:১৩

বিধানসভা নির্বাচনে ভারতের তিন রাজ্যে ভোটগ্রহণ

বিধানসভা নির্বাচনে ভারতের আসাম, কেরালা এবং পুদুচেরি- এই তিন অঞ্চলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আসামে ১২৬টি, কেরালায় ১৪০টি এবং পুদুচেরিতে ৩০টি আসনে এই ভোট নেওয়া হয়। আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ ও তামিল নাড়ু রাজ্যে ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে পাঁচটি অঞ্চলেরই ফলাফল একযোগে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য এই নির্বাচনকে একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

 সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রতিটি কেন্দ্রে সরাসরি সম্প্রচার ব্যবস্থার আয়োজন করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। এদিন সকাল ৯টা পর্যন্ত আসামে ভোট পড়েছে ১৭ দশমিক ৮৭ শতাংশ, কেরালায় ১৬ দশমিক ২৩ শতাংশ এবং পুদুচেরিতে ১৭ দশমিক ৪১ শতাংশ।

কেরালায় মূল লড়াই ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড গণতান্ত্রিক ফ্রন্টের মধ্যে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটও কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজ্যটিতে মোট ভোটার সংখ্যা প্রায় ২ কোটি ৭১ লাখ এবং ১৪০টি আসনে ৮৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বাম জোটের নেতৃত্বে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কে কে শৈলজা, ভি ডি সতীশন, রমেশ চেন্নিথালা, রাজীব চন্দ্রশেখর ও কে সুরেন্দ্রন।

অন্যদিকে আসামে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোটের মধ্যে। রাজ্যটির মোট আসন ১২৬টি এবং ভোটার প্রায় ২ কোটি ৫০ লাখ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর নেতৃত্বে দলটি আবারও ক্ষমতায় আসার প্রত্যাশা করছে। অন্যদিকে কংগ্রেস নেতা গৌরব গগৈ-এর নেতৃত্বে বিরোধী জোটও জোরালো লড়াই দিচ্ছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অতুল বোরা, হাগ্রামা মোহিলারি, অখিল গগৈ এবং বদরুদ্দিন আজমল।

পুদুচেরিতে প্রতিদ্বন্দ্বিতা মূলত জাতীয় গণতান্ত্রিক জোট এবং কংগ্রেস ও দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম নেতৃত্বাধীন জোটের মধ্যে সীমাবদ্ধ। এখানে ভোটার সংখ্যা প্রায় ৯ লাখ ৫০ হাজার এবং ৩০টি আসনের বিপরীতে ২৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী আবারও ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন। উল্লেখযোগ্য অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন এ. নমশিবায়ম এবং ভি নারায়ণস্বামী। এছাড়া প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় রয়েছে অভিনেতা বিজয়-এর দল ‘তামিলাগা ভেট্টরি কাঝাগাম’।

এদিকে, এই তিন অঞ্চলের বিধানসভা নির্বাচনের পাশাপাশি সারা ভারতে পাঁচটি আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে গোয়ার পন্ডা, কর্ণাটকের বাগলকোট ও দেবানগেরে দক্ষিণ, নাগাল্যান্ডের করিডাং এবং ত্রিপুরার ধর্মনগর আসন। সবকটি নির্বাচনের ভোট গণনা আগামী ৪ মে অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন