নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২১:১১
দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে নিজেদের পরমাণু সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টায় এ সপ্তাহে একগুচ্ছ নতুন ও বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সর্বশেষ এই পরীক্ষায় 'ক্লাস্টার-বোমা' বা গুচ্ছবোমা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু উন্নত সমরাস্ত্রের সফল মহড়া সম্পন্ন হয়েছে।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ
বৃহস্পতিবার জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সামরিক মহড়ায় বিমান
বিধ্বংসী অস্ত্র, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েপন সিস্টেম এবং কার্বন-ফাইবার বোমার প্রদর্শনী
করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে, উত্তর কোরিয়া তাদের পূর্ব
উপকূলীয় অঞ্চল থেকে গত দুই দিনে কয়েক দফায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু বহনে সক্ষম
'হাসং-১১' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাথায় ক্লাস্টার-বোমা যুক্ত করে এই পরীক্ষা চালানো
হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো নকশার দিক থেকে রাশিয়ার 'ইস্কান্দার' মিসাইলের মতো, যা নিচ
দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিতে সক্ষম। কেসিএনএ দাবি করেছে, এই বিশেষ ওয়ারহেড যুক্ত
স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ৬.৫ থেকে ৭ হেক্টর আয়তনের যেকোনো লক্ষ্যবস্তুকে
মুহূর্তের মধ্যে ছাই করে দেওয়া সম্ভব।
উত্তর কোরিয়ার এই দফায় দফায় ক্ষেপণাস্ত্র
পরীক্ষা সিউলের সঙ্গে পিয়ংইয়ংয়ের শীতল সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। উত্তর
কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী জাং কুম চোল এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে
তাদের "সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র" হিসেবে অভিহিত করেছেন। সেই সঙ্গে সিউলের
বর্তমান উদারপন্থী সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বানকে উপহাস করে তিনি দক্ষিণ কোরিয়ার
কর্মকর্তাদের "বোকা" বলে মন্তব্য করেছেন।
২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু
আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই কিম জং উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রায়
সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত রেখেছেন। এর বদলে তিনি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক
জোরদার করছেন। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, সম্পর্কের এই ঘনিষ্ঠতার অংশ হিসেবে
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে পৌঁছানোর কথা
রয়েছে।
বাংলাদেশের খবর/এম.আর

