পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফায় সোমবার বসবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে আলোচনা হয়।
ইরানের একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানান। আর এ আলোচনাকে সামনে রেখে রবিবার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা।
গত শনিবারের আলোচনায় কোনো সিদ্ধান্ত না আসলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারো দুই দেশ আলোচনায় বসতে রাজি হয়।
পর্দার আড়ালে কাজ করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার ত্রিদেশীয় সফরে বের হন, একই দিনে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছান। সৌদি ও কাতারের নেতাদের সঙ্গে আলোচনার পর শাহবাজ বৃহস্পতিবার রাতে তুরস্কে পৌঁছেছেন। আর ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করে সেখানে ২৪ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান।
যদিও পাকিস্তান এসব আলোচনার ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের নিরাপত্তা কর্মকর্তারা হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ইসলামাবাদের কর্মকর্তাদের মতে, ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ অন্যান্য প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী আসতে শুরু করেছে। সাধারণত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হলে ইসলামাবাদ প্রশাসন অনান্য প্রদেশগুলোর কাছে সহায়তা চেয়ে থাকে।
গত শনিবার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রথম দফায় রাজধানীতে ১০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছিল পাকিস্তান।
এদিকে শান্তি চুক্তির সম্ভাবনা আরো জোরদার হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে তিনি ইসলামাবাদে যেতে পারেন। তিনি দাবি করেন, বর্তমানে আলোচনাধীন ‘প্রায় সবকিছুই’ তেহরান মেনে নিয়েছে।
টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। মার্কিনিদের চাপে পড়ে এটি মানতে রাজি হয় দখলদার ইসরায়েল। তারাও ওইদিন থেকে ইরানে হামলা বন্ধ করে দেয়। এরপর গত পরশুদিন লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় ইসরায়েল। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালি খুলে দেয় তেহরান।
বাংলাদেশের খবর/আরইউ

