মার্কিন নৌ-অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:২৪
হরমুজ প্রণালী
লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর মাত্র কয়েক ঘণ্টার জন্য খুলে দিলেও আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ শনিবার দেশটির সামরিক বাহিনীর বরাতে এই খবর নিশ্চিত করেছে।
তেহরানের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র
ইরানের বন্দরগুলোতে তাদের অবৈধ নৌ-অবরোধ অব্যাহত রেখে সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে।
ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী
এখন থেকে পুনরায় ‘কঠোর ব্যবস্থাপনার’ অধীনে থাকবে। এর অর্থ হলো, এই জলপথ দিয়ে
জাহাজ চলাচলের ক্ষেত্রে আগের মতোই কঠোর নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, লেবাননে যুদ্ধবিরতির
অংশ হিসেবে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথটি উন্মুক্ত করে দিয়েছিল। বিনিময়ে আশা করা হয়েছিল
যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে তাদের অবরোধ তুলে নেবে। কিন্তু মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, যতক্ষণ না ইরান তাদের পরমাণু কর্মসূচি
ও অন্যান্য দাবি মেনে নিয়ে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাচ্ছে, ততক্ষণ মার্কিন নৌ-অবরোধ
বহাল থাকবে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের
ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের এই নৌ-অবরোধ
জলদস্যুতার শামিল। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে না দিচ্ছে,
ততক্ষণ হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে না।"
প্রেসিডেন্ট ট্রাম্প আজ সকালেও অ্যারিজোনার
এক জনসভায় ইরানের সাথে একটি বড় চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে তিনি হুঁশিয়ারি
দিয়ে বলেন, যদি আগামী বুধবারের (২২ এপ্রিল) মধ্যে কোনো চূড়ান্ত সমাধান না আসে, তবে
মার্কিন যুক্তরাষ্ট্র আবারও বোমাবর্ষণ শুরু করতে পারে। ট্রাম্পের এই অনমনীয় অবস্থানের
জবাবেই ইরান দ্রুত হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করার ঘোষণা দেয়।
হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবরে বিশ্ববাজারে
আবারও জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ
এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত শুক্রবার এটি উন্মুক্ত করার খবরে তেলের দাম কিছুটা
কমলেও, আজকের সিদ্ধান্তে বাজারে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। পাকিস্তান ও তুরস্কের
মধ্যস্থতায় গত কয়েক দিন ধরে যে শান্তি আলোচনার প্রচেষ্টা চলছিল, ইরানের এই নতুন সিদ্ধান্তের
ফলে তা বড় ধরণের ধাক্কা খেল। বিশ্লেষকদের মতে, ইরান এবং আমেরিকার মধ্যে ‘আস্থার অভাব’ আবারও মধ্যপ্রাচ্যকে যুদ্ধের
দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।
সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান ও তাসনিম
নিউজ এজেন্সি।
বাংলাদেশের খবর/এম.আর

