ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ২৩ শ্রমিকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৮
ছবি: সংগৃহীত
ভারতের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেছে ২৩ জন শ্রমিকের। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।
রবিবার (১৯ এপ্রিল) তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে কারখানার কাঠামোটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই কারখানায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিস্ফোরণের খবর পেয়ে শিবকাশী, সাত্তুর ও বিরুধুনগর থেকে ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ইতোমধ্যে একটি মামলা করে তদন্ত শুরু করেছে। কারখানা কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তাবিধি মেনে চলছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, তামিলনাড়ুর বিরুধুনগরের এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এই প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি দুই মন্ত্রী কে কে এস এস আর রামচন্দ্রন ও থাঙ্গাম থেন্নারাসুকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান তদারকি করার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দোষীদের খোঁজে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতোমধ্যে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।
বাংলাদেশের খবর/আরইউ

