Logo

আন্তর্জাতিক

দ্বিতীয় দফার বৈঠক নিয়ে বৈপরীত্য

Icon

হাসান রাজীব

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২১:৩২

দ্বিতীয় দফার বৈঠক নিয়ে বৈপরীত্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এতে দেশজুড়ে সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়, ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন দফায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আঘাত হানে। পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা দুই সপ্তাহের জন্য সংঘাত স্থগিত করে। ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

প্রথম দফা বৈঠকে চুক্তি না হওয়ার পেছনে মূল কারণ ইরানের দেওয়া দুটি পূর্ব শর্ত। এই শর্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মেনে নেওয়ার কথা জানানো হলেও সে বিষয়ে গ্যারান্টি চেয়েছিল ইরান। এরপর আলোচনার দ্বিতীয় দফা বৈঠক গতকাল সোমবার অনুষ্ঠিত হবার কথা থাকলেও ইরানের পতাকাবাহী তুসকা কার্গো জাহাজ জব্দের ঘটনায় আলোচনায় না বসার কথা জানিয়েছে ইরান।

ভ্যান্সের নেতৃত্বে ফের পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল: ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছানোর কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক পোস্টে এই তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের দুই ‘গুরুত্বপূর্ণ’ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে দ্বিতীয় দফার আলোচনায় ইরান অংশ নিবে কি-না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

সোমবার (২০ এপ্রিল) মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনার পরিকল্পনা নেই- ইরান: যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এ তথ্য জানান।

তিনি বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।

ইসমাইল বাঘাই আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, যা ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দেবে বলেও সতর্ক করেন এই মুখপাত্র।

ইরান ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে। তারা ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনা ও চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।

ইরানি সংবাদ সংস্থাগুলো এ কথা জানিয়েছে। এমন সময় এই ফোনালাপ হলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফ আলোচনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের পথে রয়েছে। অন্যদিকে ইরান এখন পর্যন্ত পাকিস্তানে প্রতিনিধিদল না পাঠানোর ব্যাপারে অনড়।

ইরানে মোট নিহত ৩ হাজার ৩৭৫: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বাহিনীর হামলায় ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে। সোমবার (২০ এপ্রিল) ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন সংস্থাটির প্রধান আব্বাস মাসজেদি জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন। তিনি বলেন, এখনো চারটি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

মাসজেদি জানান, ব্যবহৃত বোমা ও ক্ষেপণাস্ত্রের তীব্রতার কারণে প্রায় ৪০ শতাংশ মরদেহ প্রথমদিকে শনাক্ত করা যায়নি। পরে তেহরান, ইসফাহান ও হরমোজগানসহ বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞরা এসব মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, নিহতদের বড় অংশই ছিলেন সাধারণ মানুষ-শিশু, বয়স্ক এবং বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শারজাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে হামলাকে হৃদয়বিদারক উল্লেখ করে তিনি জানান, ওই ঘটনায় ১৬৮ জনের বেশি শিশু নিহত হয়েছে।

পাকিস্তানে ৪৮ ঘণ্টায় ৬ মার্কিন বিমান অবতরণ: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে তোড়জোর চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে মার্কিন প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত।

ওই আলোচনা সামনে রেখে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৬টি মার্কিন বিমান পাকিস্তানের অবতরণ করেছে বলে জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, অন্তত ছয়টি মার্কিন সরকারের বিমান যোগাযোগের সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটি নূর খান-এ অবতরণ করেছে এবং সেখান থেকে ফিরে এসেছে। এর মধ্যে অন্তত দুটি বিমান গতকাল অবতরণ করেছে, আর বাকি চারটি বিমান গত ৪৮ ঘন্টায় অবতরণ করেছে।

আলোচনা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার: পারস্য উপসাগরীয় অঞ্চল ও বিশ্ব অর্থনীতির নেতিবাচক পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এখনো ভঙ্গুর ও অনিশ্চিত। আমরা আশা করি আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকবে। পরিস্থিতি আরও খারাপ হওয়া বা সামরিক সংঘাতের দিকে যাওয়া এড়ানো যাবে বলে আশা করছি।’

পেসকভ আরও বলেন, ‘রাশিয়া বর্তমানে এই আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী নয়। তবে একটি শান্তিপূর্ণ সমাধান ও চুক্তিতে পৌঁছাতে আমরা যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিল ইরান: ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাগচি এই সতর্ক বার্তা দেন।

তিনি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি তাদের (যুদ্ধ বিরতি নিয়ে) সদিচ্ছার অভাবেরই লক্ষণ।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সবটুকু সক্ষমতা কাজে লাগাবে।’

এর আগে হরমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবরোধ অমান্য করে প্রবেশের চেষ্টা করলে জাহাজটিকে হেফাজতে নেয় মার্কিন নৌবাহিনী।

যুদ্ধবিরতির পর লেবাননের ৩৯ গ্রামে হামলা: লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার শহরে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ভবনের দৃশ্য। গত বৃহস্পতিবার মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালায়।  

যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের ৩৯টি গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আজ সোমবার হিজবুল্লাহর মিত্র ও লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলি হাসান খলিল এই তথ্য জানিয়েছেন।

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির শীর্ষ সহযোগী আলি হাসান খলিল বলেন, ইসরায়েলি বাহিনীর চালানো শক্তিশালী বিস্ফোরণে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গ্রামগুলোতে বিভিন্ন মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করছে।

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, তারা গত রোববার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের কাফারকেলা এলাকায় হিজবুল্লাহর একটি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে। এলাকাটি কান্তারা থেকে প্রায় সাড়ে আট কিলোমিটার দূরে অবস্থিত। তবে সর্বশেষ এই হামলার খবর নিয়ে আইডিএফ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

চুক্তির অংশ হিসেবে, হিজবুল্লাহ ও অন্যান্য ‘অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী’ যাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারে, সে জন্য লেবাননকে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে হবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন