গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২০:৫৪
উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন এক বিমান হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। গাজার সিভিল ডিফেন্স এবং স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা ও আনাদোলু এজেন্সি।
বুধবার গভীর রাতে উত্তর গাজার বেত লাহিয়া
এলাকার আল-কাসাম মসজিদের কাছে একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে
তিন শিশু রয়েছে। তাদের মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে নিহত
শিশুদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষও মরদেহ
গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
গত অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় হামাস
ও ইসরায়েলের মধ্যে একটি তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু গাজার সরকারি মিডিয়া অফিসের
দাবি অনুযায়ী, ইসরায়েল এখন পর্যন্ত এই চুক্তির ২,৪০০ বার লঙ্ঘন করেছে। এই লঙ্ঘনগুলোর
মধ্যে রয়েছে, নির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা ও গ্রেফতার, গাজার বাসিন্দাদের অবরুদ্ধ
করে রাখা, কৃত্রিম উপায়ে দুর্ভিক্ষ তৈরি বা জোরপূর্বক অনাহারে রাখা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে,
অক্টোবর থেকে শুরু হওয়া এই নামমাত্র যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত
৭৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কেবল এই এপ্রিল মাসেই ৩২ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে
গত ৮ এপ্রিল ড্রোণ হামলায় নিহত হওয়া আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ-ও রয়েছেন।
সেভ দ্য চিলড্রেনের একটি সাম্প্রতিক প্রতিবেদন
অনুযায়ী, গত দুই বছরের যুদ্ধে গাজায় ২০,০০০-এর বেশি শিশু নিহত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি
এক ঘণ্টায় একটি শিশু প্রাণ হারাচ্ছে। তাদের মধ্যে এক বছরের কম বয়সী শিশু রয়েছে এক হাজারেরও
বেশি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতোমধ্যেই গাজাকে "শিশুদের কবরস্থান"
হিসেবে অভিহিত করেছেন। এছাড়া ‘ইউএন উইমেন’ -এর রিপোর্ট বলছে, গাজায় প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী
ও কন্যাশিশু নিহত হচ্ছেন। গত দুই বছরে ৩৮,০০০-এর বেশি নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন।
চুক্তি অনুযায়ী ত্রাণ সাহায্য প্রবেশের
কথা থাকলেও ইসরায়েল গাজায় খাদ্য, ওষুধ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা দিচ্ছে
বলে অভিযোগ উঠেছে। বর্তমানে গাজার প্রায় ২৪ লক্ষ মানুষ চরম মানবেতর জীবনযাপন করছেন,
যাদের মধ্যে ১৫ লক্ষ মানুষই বাস্তুচ্যুত। আন্তর্জাতিক মহলের দাবি এবং যুদ্ধবিরতি চুক্তির
শর্ত তোয়াক্কা না করেই গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।
বাংলাদেশের খবর/এম.আর

