Logo

আন্তর্জাতিক

ফোনে দেড় ঘণ্টায় কী কথা হলো ট্রাম্প-পুতিনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৫:৫২

ফোনে দেড় ঘণ্টায় কী কথা হলো ট্রাম্প-পুতিনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) দেড় ঘণ্টার ফোনালাপে তারা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ বন্ধে এবং ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন।

ক্রেমলিনের একজন কর্মকর্তা জানান, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান,  ইরান ও ইউক্রেন যুদ্ধ ‘একই ধরনের সময়সূচিতে’ শেষ হতে পারে।

ট্রাম্প সিএনএনকে বলেন, আমার মনে হয় আমরা তুলনামূলক দ্রুত একটি সমাধানে পৌঁছাতে পারব। আমরা  একটি ভালো সমাধান দেখতে চাই।

ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম মজুদ বিষয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (পুতিন) সাহায্য করতে চান। আমি বলেছি, আমাকে সাহায্য করার আগে আপনার যুদ্ধটা (ইউক্রেন যুদ্ধ) শেষ করুন।

ট্রাম্প আরও বলেন, তিনি আমাকে বলেছেন, সমৃদ্ধকরণ (এনরিচমেন্ট) প্রক্রিয়ায় যুক্ত হতে চান। তিনি আমাদের এটি পেতে সাহায্য করতে পারেন।

পুতিনের সঙ্গে তার আলাপ ‘খুব ভালো’ হয়েছে এবং ইউক্রেন সংঘাতের সমাধান ‘তুলনামূলক দ্রুত’ আসবে বলেও জানান তিনি।

ইরান প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প সিএনএনকে বলেন, ‘আমার মনে হয় ইউক্রেন, সামরিকভাবে, তারা পরাজিত। (সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সম্ভবত ভুলবশত ইউক্রেন বলেছেন, তিনি আসলে ইরানকে বোঝাতে চেয়েছিলেন।)

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভুয়া খবর পড়ে আপনি বুঝতে পারবেন না। কিন্তু সামরিকভাবে দেখুন, সেখানে ১৫৯ জাহাজ আছে, এখন সব জাহাজ পানির নিচে, সাধারণভাবে এটাকে বেশ ভালো বলা যায়। কিন্তু এখন তাদের জন্য নৌবাহিনীতে ফিরে আসা কঠিন হবে।

ট্রাম্প বলেন, আপনি কি মনে করেন তারা ভালো করছে, যেখানে তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই, কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নেই?

২০২২ সাল থেকে ইউক্রেন যুদ্ধ চলছে, এর শেষের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করা হয়। এছাড়া কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে এবং দখলকৃত ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে পাল্টা হামলা চালায়। সূত্র: সিএনএন


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন