Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী বন্ধের প্রভাব

৩৩.৫ বিলিয়ন ডলারের রেকর্ড বাজেট ঘাটতিতে সৌদি আরব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ২০:১৯

৩৩.৫ বিলিয়ন ডলারের রেকর্ড বাজেট ঘাটতিতে সৌদি আরব

তেল বিক্রিতে ধস এবং সরকারি ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে সৌদি আরব। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসেই দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১২৫.৭ বিলিয়ন রিয়াল বা প্রায় ৩৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়াকেই এই বিশাল ঘাটতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার সৌদি অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

গত বছরের একই সময়ের তুলনায় এবারের বাজেট ঘাটতি দ্বিগুণেরও বেশি। অথচ গত বছরের ডিসেম্বরেও সৌদি কর্মকর্তারা পূর্বাভাস দিয়েছিলেন যে, ২০২৬ সালের পুরো বছরে মোট ঘাটতি হবে মাত্র ৬৫ বিলিয়ন রিয়াল। কিন্তু বছরের প্রথম তিন মাসেই সেই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ ঘাটতি তৈরি হওয়ায় রিয়াদের আর্থিক পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেল। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় সৌদি আরবের মোট সরকারি ব্যয় ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬.৭ বিলিয়ন রিয়ালে। অন্যদিকে, তেল থেকে আসা রাজস্ব ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪.৭ বিলিয়ন রিয়ালে। সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে অর্থনৈতিক সম্পদ খাতে (৫২ শতাংশ)। এছাড়া সামরিক, অবকাঠামো এবং পরিবহন খাতে খরচ বেড়েছে ২৬ শতাংশ করে। তেলের ওপর নির্ভরতা কমাতে সৌদি আরবের অ-তৈল রাজস্ব ২ শতাংশ বাড়লেও তা বিশাল ঘাটতি পূরণে পর্যাপ্ত নয়।

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু ইরানের হুমকির মুখে গত দুই মাস ধরে এই পথে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে আছে। ফলে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরব তার প্রধান অর্থনৈতিক লাইফলাইনটি হারিয়েছে। যদিও দেশটি লোহিত সাগরের ইয়ানবু’ বন্দরের মাধ্যমে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ ব্যবহার করে কিছু তেল রপ্তানি অব্যাহত রেখেছে, কিন্তু তা চাহিদার তুলনায় নগণ্য। সৌদি আরবের মোট সরকারি আয়ের অর্ধেকেরও বেশি আসে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য থেকে। ২০২৫ সালে এই খাত থেকে দেশটির আয় ছিল ৬০৬.৫ বিলিয়ন রিয়াল।

এদিকে মঙ্গলবার এক নাটকীয় ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য পরিচালিত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন। অভিযান শুরুর ৪৮ ঘণ্টার মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে একটি শান্তি চুক্তির পথে ব্যাপক অগ্রগতি’ হওয়ায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে এবং তেলের বাজার স্বাভাবিক না হলে ভিশন-২০৩০ বাস্তবায়নে থাকা সৌদি আরবের অর্থনীতি আরও গভীর সংকটে নিমজ্জিত হতে পারে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন