অক্ষত ৪ ক্রু
যুক্তরাষ্ট্রে মহড়ার সময় দুই যুদ্ধবিমানের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৯:৪২
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের ‘মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস’-এর কাছে একটি বিমান প্রদর্শনী চলাকালে নৌবাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে মাঝআকাশে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ভয়াবহ এই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন বিমানের চার ক্রু সদস্য। অত্যন্ত সময়োপযোগী ও নিরাপদ ‘ইজেকশন’ প্রক্রিয়ার মাধ্যমে তারা অক্ষত অবস্থায় মাটিতে নেমে আসতে সক্ষম হন।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের
(ইউএস প্যাসিফিক ফ্লিট) মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুই দিনব্যাপী
‘গানফাইটার স্কাইস
এয়ার শো’ চলাকালে বিমানঘাঁটি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নৌবাহিনীর দুটি 'ই/এ-১৮জি
গ্রাউলার' মডেলের যুদ্ধবিমানের মধ্যে এই সংঘর্ষ
হয়। বিমান দুটি শো-এর অংশ হিসেবে আকাশে বিশেষ শারীরিক কসরত বা ‘অ্যারিয়াল ডেমোনস্ট্রেশন’ প্রদর্শন করছিল।
ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই চারজন ক্রু সদস্যই সফলভাবে বিমান থেকে ছিটকে
বেরিয়ে আসেন।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাটি
ঠিক কী কারণে ঘটেছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা
হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত বিমান দুটি ওয়াশিংটনের
হুইডবে আইল্যান্ডে অবস্থিত ‘ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ১২৯’-এর অন্তর্ভুক্ত ছিল। এয়ার শো-এর
অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর ই/এ-১৮জি ‘ভাইকিংস’ গ্রাউলার ডেমো টিম এই শো-তে পারফর্ম
করার তালিকায় ছিল। এদিকে মাউন্টেন হোম-ভিত্তিক ‘৩৬৬তম ফাইটার উইং’ জানিয়েছে, বিমান দুটি
যেখানে বিধ্বস্ত হয়েছে, সেই স্টেট হাইওয়ে-১৬৭-এর একটি অংশ তদন্তের স্বার্থে আগামী
কয়েকদিন সম্পূর্ণ বন্ধ থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর এই অঞ্চলে ‘গানফাইটার স্কাইস এয়ার শো’ অনুষ্ঠিত হচ্ছিল।
এর আগে ২০১৮ সালের সর্বশেষ শো চলাকালেও একটি হ্যাং গ্লাইডার দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু
হয়েছিল। এবারের দুর্ঘটনার বিষয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ বিভাগ বা এলমোর কাউন্টির
জরুরি ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশের খবর/এম.আর

