ইসরায়েলি ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:১৪
ছবি : সংগৃহীত।
ইসরায়েলের মধ্যাঞ্চলে সফল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের কাছে পড়লে দাবানল ছড়িয়ে পড়ে বলে জানায় তারা।
সোমবার (১১ নভেম্বর) ইরান সমর্থিত গোষ্ঠী হুতি জানায়, জাফার দক্ষিণ-পূর্বে নাহাল সোরেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানো হয়। এতে সেখানে আগুন ধরে যায়।
হুতি পরিচালিত প্রধান টেলিভিশন নিউজ আউটলেট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের আমরান ও সাদাহ গভর্নরেট লক্ষ্য করে সিরিজ বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এএফপিকে জানায়, জেরুজালেমে পশ্চিমে বেত শেমেশ এলাকায় ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং এর ফলে আগুন ধরে যায়।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রোববার মধ্যাঞ্চলীয় গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত একটি পরিবারকে আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান বার্তা সংস্থা এপিকে জানান, রোববার রাতে নুসেইরাত শিবিরের পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনিরা ব্যাপক বোমা হামলার খবর দিয়েছে এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন এবং তাদের নুসেইরাতের আওদা হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজা সিটির আল-আহলি হাসপাতালের পরিচালক ড. ফাদেল নাইম জানান, রোববার সকালে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ার শহরে শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ৯ জন নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়।
বৈরুতের উত্তরে আলমাত গ্রামে ইসরায়েলি বিমান হামলায় সাতজন শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসময় আরও ছয়জন আহত হয়েছেন।
ইসরায়েলের পক্ষ থেকে সরে যাওয়ার জন্য কোনো সতর্ক বার্তা ছিল না এবং হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্যও করেনি।
সূত্র: ভয়েস অব আমেরিকা।
এসবি

