জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৬:০১
মধ্যপ্রাচ্য সংঘাত শেষ করার লক্ষ্যে ইরানি আলোচকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্ধারিত আলোচনা শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে সুইজারল্যান্ড।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দেশটিতে যাওয়ার পরিকল্পনা বাতিল করার পর এই বৈঠক নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়, ফলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, 'এই আলোচনার লজিস্টিক সব সময়ই সহজ বা পূর্বানুমানযোগ্য ছিল না।' তিনি আরও জানান, পরিকল্পনা চূড়ান্ত হলেই ভ্যান্স এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যাত্রার জন্য প্রস্তুত।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বুর্গেনস্টক পাহাড়ি রিসোর্টে নির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হবে না, তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। একই সঙ্গে বলা হয়েছে, পরিকল্পিত আলোচনা স্থগিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত বৈঠকও আপাতত স্থগিত। তবে সুইজারল্যান্ড জানিয়েছে, তারা আলোচনায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে তারা বলেছিল, বুধবারের ১৪ দফা চুক্তির পর অন্তত ৬০ দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানো হলে তারা খুঁটিনাটি বিষয়সংক্রান্ত আলোচনা শুরু করতে প্রস্তুত থাকবে। ইরানের আলোচকদের আগে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের লক্ষণ দেখতে হবে বলেও জানানো হয়েছিল। ভ্যান্সের ঘোষণার আগে তাদের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে যাবে কি না—এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য ছিল না বলে আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও জানিয়েছিলেন, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তির একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করে জানায়, দুই দেশের প্রেসিডেন্ট ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষর করায় এটি অপ্রয়োজনীয়।
এই সংঘাত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। এতে অন্তত সাত হাজার মানুষ নিহত হয়, জ্বালানির দাম দ্রুত বেড়ে যায় এবং বৈশ্বিক বাজারে বড় ধরনের ধাক্কা লাগে।
ইসরায়েলের লড়াই অব্যাহত: ইসরায়েল, শান্তি আলোচনার বাইরে থাকায়, যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা থেকে নিজেকে দূরে রেখেছে এবং লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে চুক্তিটি টিকে থাকবে কি না তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান মিত্রদের কেউ কেউ কংগ্রেসে প্রশ্ন তুলেছেন যে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি যুদ্ধ শেষ করতে গিয়ে অতিরিক্ত ছাড় দিয়েছেন কি না, কারণ এই সংঘাত অনেক আমেরিকানের কাছেই অজনপ্রিয় হয়ে উঠেছে।
ট্রাম্প আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি কেবল ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ' ছাড়া যুদ্ধ শেষ করবেন না। কিন্তু নতুন সমঝোতায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, দশ বিলিয়ন ডলারের বেশি সম্পদ মুক্ত করা হয়েছে এবং ইরানের তেল রপ্তানির জন্য তাৎক্ষণিক মার্কিন ছাড় দেওয়া হয়েছে।
বাংলাদেশের খবর/এইচআর

