Logo

আন্তর্জাতিক

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে মার্কিন হামলা, নিহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৫:৩৯

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে মার্কিন হামলা, নিহত ৮

টানা ষষ্ঠ রাতের মতো বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইরানের একাধিক শহর এবং পাঁচটি সেতুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বন্দর আব্বাস, বন্দর খামির, কেশম দ্বীপ, সিরিক ও ইরানশহরসহ একাধিক স্থানে হামলায় আটজন নিহতসহ আহত হয়েছেন আরও অনেকেই। খবর আনাদোলু এজেন্সির।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় অন্তত এক ব্যক্তি নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

সম্প্রচারমাধ্যমটির তথ্যমতে, হরমোজগান প্রদেশের বন্দর খামিরের কাছে দুটি সেতুতে যুক্তরাষ্ট্রের আলাদা এক হামলায় অন্তত সাতজন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

আইআরআইবি কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে চারটি বিস্ফোরণের খবরও নিশ্চিত করেছে। অন্যদিকে, আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হরমোজগান প্রদেশের সিরিক শহরেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাসনিম আরও জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত সেতুগুলোর মধ্যে বন্দর খামিরের নিকটবর্তী বন্দর আব্বাস-শিরাজ সেতুও রয়েছে। হামলার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বন্দর আব্বাসের পশ্চিমে তিনটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মেহের নিউজ এজেন্সি বন্দর আব্বাসে হামলার পর ধ্বংসযজ্ঞের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিক তথ্যে মনে হচ্ছে, একটি টেলিযোগাযোগ টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে, তবে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, মেহের নিউজ এজেন্সি দক্ষিণ-পূর্ব ইরানের ইরানশহর বিমানবন্দরের কাছেও একটি বিস্ফোরণের খবর জানিয়েছে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের আশেপাশের এলাকাগুলোতেও যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে।

পরে ফারস নিউজ এজেন্সি জানায়, মার্কিন হামলায় মোট পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গারিভেহ এবং কাহুরেস্তান সেতুও রয়েছে, যা ইরানের অভ্যন্তরীণ রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জাম চলাচলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন