Logo

আন্তর্জাতিক

পদত্যাগের ঘোষণা হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২১:০৪

পদত্যাগের ঘোষণা হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের অন্যতম বিশ্বস্ত ও প্রভাবশালী প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই মাসের শেষেই নিজের পদ থেকে সরে দাড়াচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করেন।

চলতি বছর নভেম্বরে মার্কিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের ঠিক আগেই ট্রাম্প প্রশাসনের এমন প্রভাবশালী একজন কর্মকর্তার পদত্যাগের সংবাদে ওয়াশিংটনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় জানান, ছোট দুই সন্তানকে আরও বেশি সময় দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরের মে মাসে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন এবং সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষ করে পুনরায় কাজে যোগ দিয়েছিলেন।

২০২৪ সালের ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের সাথে যুক্ত হওয়া লেভিট পরবর্তীতে ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে মনোনীত করেন, যা তাকে মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সচিবের মর্যাদায় ভূষিত করে।

প্রেস সচিব হিসেবে সংক্ষিপ্ত কর্মজীবনে ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে তার আক্রমণাত্মক, সুনির্দিষ্ট ও তীক্ষ্ণ ভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিতি পান। মূলধারার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের সাথে তার তীব্র বাদানুবাদ ও মুখোমুখি তর্ক বহুবার শিরোনাম হয়েছে। ট্রাম্প প্রশাসনের নীতি ও অবস্থান রক্ষায় তিনি ছিলেন অত্যন্ত সোচ্চার ও আপসহীন।

লেভিটের এই আকস্মিক পদত্যাগ ট্রাম্পের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মিডিয়া কৌশল পরিচালনায় লেভিট ছিলেন অন্যতম চাবিকাঠি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেভিটের প্রেস ব্রিফিংগুলো ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন সমর্থক ভিত্তির মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। দ্য ইন্ডিপেন্ডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইতোমধ্যে তার দায়িত্ব পালনকালের সবচেয়ে আলোচিত, বিস্ফোরক এবং দ্বন্দ্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে বিশেষ প্রতিবেদন ও ভিডিও প্রকাশ শুরু করেছে।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন