গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্পের ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বড় ছেলে ডন ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড সফর করবেন। তবে তিনি তার সফরের কোনো সময় উল্লেখ করেননি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল সাইটের এক পোস্টে বলেছেন, ডন এবং অন্যান্য প্রতিনিধিরা গ্রিনল্যান্ডের বিস্ময়কর সব স্থান দেখতে যাচ্ছেন।
পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘গ্রিনল্যান্ড একটা অসাধারণ জায়গা। এই স্থান যখন আমাদের হবে তখন মানুষ ভীষণভাবে লাভবান হবে। আমরা গ্রিনল্যান্ড রক্ষা করব, যত্ন করব এবং বিশ্বের ভয়াবহ দূষণ থেকে গ্রিনল্যান্ডকে পুনরায় সুন্দর করে গড়ে তুলবো।’
ড্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোপূর্বে কেবল এটুকু জানিয়েছিল যে, ডন জুনিয়র ট্রাম্পের এই সফর কোন সরকারি সফর নয়। বড়দিনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, জাতীয় নিরাপত্তা ও বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ নেওয়া আমেরিকার কাছে অতি প্রয়োজনীয়।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এর প্রতিক্রিয়ায় দ্বীপ রাষ্ট্রটির সরকার বলেছিল, গ্রিনল্যান্ড বিক্রির ব্যাপার নয়। বুধবার কোপেনহেগেনে ডেনমার্কের রাজা ফ্রেডরিকের সাথে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডের সাক্ষাৎ করার কথা থাকলেও সময়সূচির সমস্যার কারণে তা বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, আমেরিকা বহু বছর আগে থেকে গ্রিনল্যান্ডে ডেনমার্কের দ্বীপগুলো কিনতে চাইছে। যে দ্বীপগুলো স্বায়স্বশাসিত এলাকা হিসেবে কিংডম অব ডেনমার্কের অধীনস্থ।
এসবি

