পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৫১
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিভিন্ন অঞ্চল। ভূমিকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এই তথ্য দিয়েছে। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট (আইজিপি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে উল্লেখ করেছে।
এতে দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়। কম্পন অনুভূত হয়েছে রাজধানী লিমাতেও। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর দেশজুড়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে।
আইজিপির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (সেনসিস) জানিয়েছে, এর উপকেন্দ্র ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরার প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে।
ভূকম্পবিদরা বলছেন, ভূমিকম্পটির উৎপত্তি ১০৮ কিলোমিটার গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই এর কম্পনশক্তির বড় একটি অংশ শোষিত হয়েছে। ফলে উপকেন্দ্রের আশপাশে কম্পনের মাত্রা মার্কেলি স্কেলে ৩ থেকে ৪ ছিল, যা হালকা থেকে মাঝারি ধরনের কম্পন হিসেবে বিবেচিত হয়।
এদিকে দক্ষিণ ও মধ্য পেরুর বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। রাজধানী লিমা থেকেও বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।
বাংলাদেশের খবর/এইচআর

