Logo

আন্তর্জাতিক

‎গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৩৮

‎গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ধসে পড়া আবর্জনার স্তূপের তলায় চাপা পড়ে ৩০ জন নিজত হয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

‎প্রবল বর্ষণের জেরে গতকাল রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রাজধানী কোনাক্রিতে ঘটেছে এ দুর্ঘটনা।

‎গিনির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কোনাক্রির গিবেসেয়া এলাকায় অবস্থিত আবর্জনার এ স্তূপটি এত বড় ও বিশাল যে সেটি  অনায়াসে সাধারণ বহুতল ভবন চাপা দিতে সক্ষম। যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকি থাকায় গিনির সরকার এ আবর্জনার স্তূপ অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার এক সপ্তাহ পেরোনোর আগেই ঘটল এ দুর্ঘটনা।

‎জঞ্জালের স্তূপ সরাতে উদ্ধারকারী বাহিনীর সদস্যদের এক্সকেভটর ব্যবহার করতে হয়েছে। সিরে দিয়োলো নামের এক নারী জানিয়েছেন, দুর্ঘটনায় তিনি তার ৫ সন্তানকে হারিয়েছেন।

‎“আমি আমার সব সন্তানকে হারিয়েছি। ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া আমার আর কোনো পথ নেই”, সাংবাদিকদের বলেছেন সিরে।

‎গিনি খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। পশ্চিম আফ্রিকার এই দেশটির মাটির তলায় বক্সাইটের সবচেয়ে বড় বৈশ্বিক মজুত রয়েছে। এছাড়া দেশটির লোহার খনিগুলোও উল্লেখযোগ্য। পর্যাপ্ত পরিমাণে লৌহ আকরিক রয়েছে খনিগুলোতে।

‎তবে এত সম্পদ থাকার পরও গিনির অবকাঠামোগত অবস্থা দুর্বল এবং এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গিনির জনসংখ্যা ১ কোটি ৫১ লাখ এবং তাদের মধ্যে ৩৭ লাখই দারিদ্রসীমার নিচে বসবাস করেন। সূত্র : রয়টার্স


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন