Logo

আন্তর্জাতিক

উইম্বলডন

জয়ের পর নতুন বাস্তবতার মুখে লিন্ডা নোসকোভা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:৫০

জয়ের পর নতুন বাস্তবতার মুখে লিন্ডা নোসকোভা

টেনিস কোর্টে শৈশব থেকে স্বপ্নের পিছু তাড়া করে অবশেষে গ্র্যান্ড সলামের মুকুট মাথায় তুলেছেন ২১ বছর বয়সী চেক টেনিস তারকা লিন্ডা নোসকোভা। অল ইংল্যান্ড ক্লাবে গত মাসে উইম্বলডন নারী একক শিরোপা জয়ের মধ্য দিয়ে পূরণ করেছেন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। তবে ক্যারিয়ারের এই সর্বোচ্চ সাফল্যের পর এখন এক ভিন্ন মানসিক লড়াই ও নতুন বাস্তবের মুখে মুখোমুখি দাঁড়িয়েছেন এই তরুণী।

গত জুলাইয়ে উইম্বলডন ফাইনালে স্বদেশী অভিজ্ঞ খেলোয়াড় ক্যারোলিনা মুচোভার বিরুদ্ধে ম্যাচ পয়েন্টের নাটকীয় মোড় পেরিয়ে তৃতীয় সেটে অবিশ্বাস্য মানসিকভাবে শক্ত লড়াই করে উইম্বলডন চ্যাম্পিয়ন হন ২১ বছরের নোসকোভা। তবে শিরোপা জয়ের পর আসল চমক ছিল তার নিজের দেশে ফেরা। চেক প্রজাতন্ত্রে ফেরার পর ভক্ত ও মিডিয়ার আকস্মিক প্রচণ্ড চাপ ও অতিরিক্ত মনোযোগের মুখোমুখি হতে হয় তাকে। দীর্ঘসময় ধরে স্পটলাইটের বাইরে থাকা নোসকোভা জানান, গ্র্যান্ড সলাম জয়ের পর জীবনের এই আকস্মিক পরিবর্তন সামলানোর জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

নোসকোভা বলেন, যখন আপনি শৈশবের স্বপ্নের চূড়ায় পৌঁছে যান, তখন সেই স্মৃতি ভুলে গিয়ে ঠিক আগের মতো ট্র্যাকে ফিরে এসে নতুন করে শুরু করা অত্যন্ত কঠিন। প্রথম গ্র্যান্ড সলাম জয়ের পর কী অপেক্ষা করছে, তা জানা ছিল না। দেশে ফিরে সেই সপ্তাহটি ছিল অত্যন্ত ব্যস্ত ও বিশৃঙ্খল।

উইম্বলডনের রেশ কাটতে না কাটতেই টেনিস সার্কিটের ব্যস্ত সূচিতে ফিরতে হয় তাকে। ইতালিতে কয়েক দিনের বিশ্রাম শেষে কোর্টে ফিরে প্রথম টুর্নামেন্টেই খাপ খাওয়াতে কিছুটা সমস্যায় পড়েন তিনি। টরন্টোতে প্রথম ম্যাচেই ক্যাট কেটি ম্যাকনালির কাছে সোজা সেটে হেরে যান। এরপর সিনসিনাটি ওপেনে শেষ ১৬ পর্যন্ত পৌঁছালেও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর খেলোয়াড় অ্যামান্ডা আনিসিমোভার কাছে হেরে বিদায় নেন। এককে ছন্দ পেতে কিছুটা বেগ পেতে হলেও ডাবলসে দারুণ সাফল্য পেয়েছেন নোসকোভা।

স্বদেশী মারি বুজকোভাকে সঙ্গে নিয়ে সিনসিনাটি ওপেনের উইমেনস ডাবলসের শিরোপা জিতে নেন তিনি। চাপমুক্ত ডাবলস লড়াই তাঁকে স্মরণ করিয়ে দিয়েছে যে, তাঁর শটগুলোতে এখনও সেই নিখুঁত ধার বজায় রয়েছে।

চেক প্রজাতন্ত্রের মাত্র এক হাজার অধিবাসীর ছোট গ্রাম বিস্ত্রিকা থেকে উঠে আসা নোসকোভার টেনিস যাত্রা বেশ সংগ্রামের। মাত্র ১৩-১৪ বছর বয়সেই পেশাদার টেনিস ও ভালো কোচের খোঁজে পরিবার ছেড়ে প্রেরোভ শহরে পাড়ি দিতে হয়েছিল তাঁকে। ১৪ বছর বয়সে অনূর্ধ্ব-১৪ মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট 'লে পেতিত আস'-এর ফাইনাল খেলা এবং ২০২১ সালে ১৬ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেন জুনিয়র খেতাব জেতা তাঁর সম্ভাবনাময় ক্যারিয়ারের ইঙ্গিত দিয়েছিল।

কোর্টের বাইরে নোসকোভা বেশ ব্যতিক্রমী একজন ক্রীড়াবিদ। অন্য অনেক অ্যাথলেটের মতো শুধু খেলায় সীমাবদ্ধ না থেকে তিনি বিভিন্ন সামাজিক কাজে জড়িত। গত ডিসেম্বরে তানজানিয়ার জানজিবারে একটি স্কুলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন নোসকোভা। নিজের সামাজিক মাধ্যমে নিজেকে একজন পরিবেশবাদী হিসেবে পরিচয় দেওয়া নোসকোভা পরিবেশ রক্ষা, প্রাণী কল্যাণ এবং মানবাধিকার বিষয়ে সচেতন।

তিনি জানান, টেনিস ক্যারিয়ারের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ভবিষ্যতে পরিবেশ রক্ষা ও সামাজিক কাজে আরও বড় পরিসরে অংশ নিতে চান তিনি।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন