Logo

আন্তর্জাতিক

ভারতে ৬০০ বছরের পুরনো মসজিদ ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৪

অ
ভারতে ৬০০ বছরের পুরনো মসজিদ ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে শাহী মসজিদের একটি অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে আজ সোমবার ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। 

সড়ক সম্প্রসারণের অজুহাতে প্রকল্পের অংশ হিসেবে মসজিদের একটি অংশ ভাঙার কথা রয়েছে। 

ঘটনাস্থলে পুলিশ ও বিপুলসংখ্যক মানুষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে। পুলিশের দিকে পাথর ছোড়ার একটি ঘটনাও দেখা যায় ভিডিওতে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) -এর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

এদিকে, উজ্জয়নের সড়ক সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আইনি বিরোধও চলছে। ইন্দোরের মধ্যপ্রদেশ হাইকোর্ট আগে উজ্জয়ন পৌর করপোরেশনের দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে করা আবেদনগুলো খারিজ করে দেয়।  

আদালত জনস্বার্থ এবং আসন্ন সিংহস্থ মেলার সময় যানজট নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নেয়।

তবে বিষয়টি নিয়ে আরও শুনানি আজ সোমবার ইন্দোর হাইকোর্টে হওয়ার কথা ছিল।

কংগ্রেস এমপি ইমরান প্রতাপগড়ি মসজিদ কমপ্লেক্স ভাঙার উদ্যোগের বিরোধিতা করেছেন। তিনি রাজ্য সরকারকে স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সড়ক সম্প্রসারণের নামে প্রায় ৬০০ বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত আরও সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত।

তার দাবি, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় বারবার মসজিদ ঘিরে প্রশাসনের তৎপরতার মাধ্যমে কী বার্তা দেওয়া হচ্ছে, সেটিও প্রশ্নের বিষয়।

প্রতাপগড়ি আরও বলেন, উজ্জয়নের অনেক তরুণ এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তার মতে, সড়ক সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি অন্য দিক থেকে নেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। খবর এনডিটিভির


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন