Logo

আন্তর্জাতিক

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, হতাহত ৩৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ২০:৪১

অ
সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, হতাহত ৩৯

# হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের

# সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। গত মঙ্গলবার ও গতকাল বুধবার চালানো পৃথক এসব হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাকিস্তানি, বাংলাদেশি ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। বুধবার রাতে সৌদি কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

নিহতরা সবাই বিদেশি নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। হামলায় আহত হয়েছেন আরো ৩৬ জন। এদিকে, সৌদি আরবের বেসামরিক স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে হুথি মিলিশিয়ার সাম্প্রতিক হামলা কোনোভাবেই শাস্তিহীন থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ৬ অক্টোবর আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং বুধবার ৭ অক্টোবর রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। আহত হন আরো ২৮ জন। আর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। আহত হয়েছেন আটজন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে ‘পূর্ণ সমন্বয় ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে’ কাজ করছে তারা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে।

চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে নতুন খাঁচার মতো নিরাপত্তাবেষ্টনী বসানো হয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এরএক দিন পর, ১৯ সেপ্টেম্বর, রিয়াদ বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

এদিকে, সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী এবং ইরান-সমর্থিত হুথি বাহিনীর মধ্যে লড়াই আরো তীব্র হয়েছে। হুথিরা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। সরকারিসেবা

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুথিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় ‘সব মার্কিন নাগরিককে আরও সতর্ক থাকার’ আহ্বান জানানো হয়েছে।

হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের: হুথি মিলিশিয়ার সাম্প্রতিক হামলা কোনোভাবেই শাস্তিহীন থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তিনি জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক হামলার জবাবে জোট বাহিনী ইয়েমেনের চারটি প্রদেশে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। অভিযানে হুথিদের ৮২টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা লক্ষ্যবস্তুর মধ্যে সা'দা প্রদেশের পাহাড়ি এলাকায় থাকা ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের গুদাম এবং হুথি সদস্যদের সমাবেশস্থল ছিল। 

আল-মালিকি আরও বলেন, বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা হুথি মিলিশিয়ার ধারাবাহিক ও পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ। সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং বেসামরিক জনগণকে সুরক্ষায় জোট বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থাকবে।

সাম্প্রতিক হামলা ও পাল্টা অভিযানে সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। জোটের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—বেসামরিক স্থাপনায় হামলার জবাব দেওয়া হবে এবং হামলাকারীদের এর পরিণতি ভোগ করতে হবে।

আল-মালিকির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইয়েমেনভিত্তিক হুথি মিলিশিয়ার বিভিন্ন হামলা ও হুমকি নিয়ে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সৌদি জোটের মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বেসামরিক স্থাপনায় হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে রিয়াদ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। সূত্র: সৌদি গেজেট, আরব নিউজ ও সৌদি প্রেস এজেন্সি

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের: ইয়েমেনের তায়েজ প্রদেশের ওপর সৌদি আরবের মালিকানাধীন একটি তুর্কি নির্মিত সশস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, একটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটিকে নিচে নামিয়ে আনা হয়েছে।

পৃথকভাবে ইয়াহিয়া সারি জানান, বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর সমাবেশ ও শক্তিবৃদ্ধিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সারির ভাষ্য অনুযায়ী রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং অস্ত্রের গুদামে আগুন ধরে যায়। তিনি আরও যোগ করেন, বাব এল-মানদেবের দক্ষিণে এবং আল-সাকিয়া ও রাস আল-আরাতে অবস্থানরত বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে, এতে বহু সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে ইরানের প্রভাব ঠেকাতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। হুথিদের ইরান অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দেয় বলে সৌদি জোটের অভিযোগ। তবে হুথি ও ইরান উভয়েই এ অভিযোগ অস্বীকার করে আসছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন