ছবি : সংগৃহীত
ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রোববার (১২ জানুয়ারি) নতুন করে ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সহিংসতায় গাজায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫৬৫ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। খবর বার্তাসংস্থা আনাদোলুর।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে ২৮ জন নিহত এবং ৮৯ জন আহত হয়েছেন। পাশাপাশি বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছেন অন্তত ১০ হাজারের বেশি মানুষ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল তার হামলা বন্ধ করেনি। ফলে গাজা বর্তমানে মানবিক সংকটে নিমজ্জিত। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে প্রায় ২০ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় গাজার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এমজে

