বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু
মন্ত্রী সিদ্দিকুল্লাহকে শুভেন্দুর কটাক্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫
ছবি : সংগৃহীত
বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুর প্রতি দৃষ্টি আকর্ষণ করে পশ্চিমবঙ্গের মুসলিম মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টির সদস্য ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজ্যের অশোকনগর বইমেলায় বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গে জবাব দিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। একই সঙ্গে সেখানে হিন্দুদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘বই পড়ুন, বিবেকানন্দর সব দিকগুলো পড়লে হিন্দু ধর্মে হিংসা থাকবে না, পরশ্রীকাতর হবে না।’
হিন্দুদের প্রতি এমন শান্তির আহ্বান ভালো লাগেনি শুভেন্দুর। এ বক্তব্যের জের ধরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমালোচনা করে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হিন্দুদের জ্ঞান দিয়েছেন। তা মন্ত্রী মশাই! আগে নিজের ঘরে নজর দিন।’
শুভেন্দু আরও লেখেন, হিন্দুদের ওপর নির্যাতন কিংবা ওপার বাংলায় ঘটে চলা হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার দেখার পরও আপনার পক্ষ থেকে শান্তির বার্তা মেলেনি। তাই আগে নিজের ঘর সামলান, পরে আসবেন ‘প্রবচন’ দিতে।
বইমেলায় কী বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী?
অশোকনগরের বইমেলার উদ্বোধনে এসে বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রসঙ্গে মুখ খুলেছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেছিলেন, ‘বাইশ শ কিলোমিটার বর্ডার। ১৬১৮ কিলোমিটারে কাঁটাতার দেওয়া হয়েছে। যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বলুক। আর একটা কথা হচ্ছে স্থল, জল, আকাশপথ সব কেন্দ্রীয় সরকারের হাতে। যদি কিছু হয় সেটা তাদের ব্যর্থতা। ওয়াচ টাওয়ার আছে, পাইলট গাড়ি আছে। জায়গায় জায়গায় ফোর্স আছে। পুরো ব্যর্থ কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে যদি সংখ্যালঘু হিন্দুভাই আক্রান্ত হয়ে থাকেন তা দুঃখের কথা। যতটা না ঘটেনি, মিডিয়া তার থেকে দিল্লির তামাক খেয়ে বেশি দেখাচ্ছে। আমাদের সাথে তাদের ব্যবসা-বাণিজ্যে লেনদেন মার খাচ্ছে।...এটা কি হওয়া উচিৎ। আলোচনা হওয়া দরকার। এতটা কিছু হয়নি, যে ঘটনা আপনারা বলছেন। রোজ আমাদের কাছে খবর আসছে। ইসকনের পক্ষ থেকে যে প্রচার করা হচ্ছে সেটাও ভুল। দাবিটাও ভুল। ওদের সাথে আমাদের ঝগড়া বাঁধিয়ে দেওয়া হচ্ছে। কলকাতায় দুই দেশের কোটি কোটি টাকার বাণিজ্য। ক্ষতিটা কার হবে, দিল্লির হবে, গুজরাটের হবে! হবে তো বাঙালি সমাজের।’
বিএইচ/

