Logo

আন্তর্জাতিক

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে পশ্চিমবঙ্গের মন্ত্রী

যতটা না ঘটছে, তার চেয়ে বেশি প্রচার করছে ভারতীয় মিডিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৬

অ
যতটা না ঘটছে, তার চেয়ে বেশি প্রচার করছে ভারতীয় মিডিয়া

রিপাবলিক বাংলাসহ ভারতের কয়েকটি মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু প্রচারে বাড়াবাড়ি করছে । ছবি : সংগৃহীত

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশে যদি সংখ্যালঘু হিন্দুভাই আক্রান্ত হয়ে থাকেন, তা দুঃখের কথা। তবে যতটা না ঘটছে, ভারতীয় মিডিয়া তার থেকে বেশি প্রচার করছে। 

সোমবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজ্যের অশোকনগর বইমেলায় বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গে জবাব দিতে গিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী একথা বলেন। মন্ত্রীর দাবি- ভারতীয় যেসব মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে বাড়াবাড়ি প্রচার করছে, তারা এটি করছে দিল্লির তামাক খেয়ে। 

ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বাইশ শ কিলোমিটার বর্ডার। ১৬১৮ কিলোমিটারে কাঁটাতার দেওয়া হয়েছে। যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বলুক। আর একটা কথা হচ্ছে স্থল, জল, আকাশপথ সব কেন্দ্রীয় সরকারের হাতে। যদি কিছু হয় সেটা তাদের ব্যর্থতা। ওয়াচ টাওয়ার আছে, পাইলট গাড়ি আছে। জায়গায় জায়গায় ফোর্স আছে। পুরো ব্যর্থ কেন্দ্রীয় সরকার। 

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশে যদি সংখ্যালঘু হিন্দুভাই আক্রান্ত হয়ে থাকেন তা দুঃখের কথা। যতটা না ঘটছে, মিডিয়া তার থেকে দিল্লির তামাক খেয়ে বেশি দেখাচ্ছে। আমাদের সাথে তাদের ব্যবসা-বাণিজ্যে লেনদেন মার খাচ্ছে।...এটা কি হওয়া উচিৎ। আলোচনা হওয়া দরকার। এতটা কিছু হয়নি, যে ঘটনা আপনারা বলছেন। রোজ আমাদের কাছে খবর আসছে। ইসকনের পক্ষ থেকে যে প্রচার করা হচ্ছে সেটাও ভুল। দাবিটাও ভুল। ওদের সাথে আমাদের ঝগড়া বাঁধিয়ে দেওয়া হচ্ছে। কলকাতায় দুই দেশের কোটি কোটি টাকার বাণিজ্য। ক্ষতিটা কার হবে, দিল্লির হবে, গুজরাটের হবে! হবে তো বাঙালি সমাজের।’

হিন্দুদের প্রতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর এমন বক্তব্য ভালো লাগেনি ভারতীয় জনতা পার্টির সদস্য ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিকে ইঙ্গিত করে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কঠোর সমালোচনা করেছেন তিনি।

বিএইচ/


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন