ছবি : সংগৃহীত
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিনের জনগণের জন্য বিজয় এবং ইসরায়েলের জন্য পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ধৈর্য প্রদর্শন এবং ইহুদিবাদী সরকারকে পিছু হটতে বাধ্য করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধের প্রশংসা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) গাজার যুদ্ধবিরতি সম্পর্কে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘বইয়ে লেখা থাকবে, একসময় গাজায় হাজার হাজার শিশু ও নারীকে হত্যা করেছিল এক উন্মত্ত জনতা! সবাই বুঝতে পারবে গাজার জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনি প্রতিরোধের দৃঢ়তাই ইহুদিবাদী সরকারকে পিছু হটতে বাধ্য করেছে।’
প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজার চলমান হামলা বন্ধে অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল ও গাজার শাসক গোষ্ঠী হামাস। বুধবার (১৫ জানুয়ারি) উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। আগামী রোববার (১৯ জানুয়ারি) এই চুক্তি কার্যকর হবে।
আল-জাজিরা আরবিকে হামাস বলেছে, তাদের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে। যদিও ইসরায়েল এখনও এই প্রস্তাবের প্রতিক্রিয়া ঘোষণা করেনি।
এর আগে, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ঘোষণা করেন, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছেন।
এসবি

