Logo

আন্তর্জাতিক

২০২৪ সালে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে : জাতিসংঘ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৭

অ
২০২৪ সালে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে : জাতিসংঘ

ছবি : সংগৃহীত

২০২৪ সালে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ কথা জানায় তারা। 

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, 'সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো, ২০২৪ সালে আমরা বেসামরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে দেখেছি।’

তিনি বলেন, ‘ছুটির দিন এবং নববর্ষ, শান্তির সময় হলেও চলমান পরিস্থিতিতে কোনও স্বস্তি নিয়ে আসেনি। বরং গত বছরের বিপজ্জনক প্যাটার্নের সাথে সামঞ্জস্যপূর্ণ লড়াইয়ের তীব্রতা ও ব্যাপ্তি নিয়ে এসেছিল।’

অফিস ফর হিউম্যান রাইটসের (ওএইচসিএইচআর) বরাত দিয়ে ডিকার্লো বলেন, 'গত বছর নিহত ও আহত বেসামরিক নাগরিকের সংখ্যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি ছিল।’

শিশু হতাহতের সংখ্যা বৃদ্ধিকে 'বিশেষভাবে দুঃখজনক' উল্লেখ করে তিনি বলেন, '২০২৩ সালের পুরো সময়ের তুলনায় ২০২৪ সালের প্রথম তিন ভাগে বেশি শিশু নিহত বা আহত হয়েছে।

তিনি আরও জানান, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ৬৬৯ শিশুসহ অন্তত ১২ হাজার ৪৫৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ৮৩৩ শিশুসহ ২৮ হাজার ৩৮২ জন আহত হয়েছেন।

রোজমেরি ডিকার্লো বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে সব হামলার নিন্দা জানাই। এ ধরনের কর্মকাণ্ড যেখানেই ঘটুক না কেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী তা নিষিদ্ধ এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।’

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় অব্যাহত থাকায় আশার আলো দেখা গেছে।

সম্প্রতি নিজেদের মধ্যে ৩৫০ জনেরও বেশি বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। ডিকার্লো এই বন্দী বিনিময়কে স্বাগত জানিয়েছেন। তবে রাশিয়ান বাহিনী ইউক্রেনের যুদ্ধবন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার খবরে উদ্বেগ প্রকাশ করেছে ওএইচসিএইচআর। গত আগস্ট থেকে ৬২ টি হত্যাকাণ্ড নথিভুক্ত করেছে সংস্থাটি।

ডিকার্লো বলেন, 'আমরা রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বার্ষিকীর দিকে এগিয়ে যাচ্ছি। বিশ্বব্যাপী উত্তেজনা প্রশমন এবং লড়াই শেষ করার প্রক্রিয়া শুরু করার আহ্বান জোরালো হচ্ছে।’

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন