লিবিয়ার জমা করা সম্পদ পুনঃবিনিয়োগের সমর্থনে প্রস্তাব পাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮
ছবি : সংগৃহীত
লিবিয়ার জমা করা সম্পদের পুনঃবিনিয়োগ সমর্থন করে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ প্রস্তাব পাস করে সংস্থাটি। যুক্তরাজ্যের নেতৃত্বে গৃহীত প্রস্তাবটি পক্ষে ১৪টি ভোট পেয়েছে এবং বিপক্ষে রাশিয়ার একটি ভোট পড়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা এবং জমা থাকা সম্পদের উপর গৃহীত নতুন এ পদক্ষেপের মাধ্যমে লিবিয়ার সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং ঐক্যের প্রতি তাদের প্রতিশ্রুতি বাড়িয়ে তুলবে বলে মনে করছে তারা।
প্রস্তাবটিতে লিবিয়ার জমা থাকা সম্পদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত রয়েছে এবং লিবিয়ান বিনিয়োগ কর্তৃপক্ষের জমা থাকা নগদ রিজার্ভ পুনঃবিনিয়োগের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, তহবিলগুলোকে উপযুক্ত আর্থিক প্রতিষ্ঠানে কম ঝুঁকির সময়সীমার আমানতে বিনিয়োগ করা যেতে পারে। যেন তাদের আর্থিক মূল্য সংরক্ষিত হয় এবং লিবিয়ান জনগণের জন্য নিরপেক্ষ ও সমান সুবিধা নিশ্চিত হয়।
সিদ্ধান্তটি লিবিয়া সরকারের সাথে পরামর্শক্রমে এবং সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা বিজ্ঞপ্তির পরে কার্যকর করা হবে।
এদিকে, নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে তদারকির দায়িত্বে থাকা বিশেষজ্ঞ প্যানেলের ম্যান্ডেট ২০২৬ সালের ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। লিবিয়ার পেট্রোলিয়ামের অবৈধ রপ্তানি রোধ সম্পর্কিত অনুমোদনগুলো প্রাথমিকভাবে ২০১৪ থেকে পূর্ববর্তী রেজোল্যুশনের অধীনে দেওয়া হয়েছিল। এটি এখন ১ মে, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেইবেহের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের সরকার এবং বেনগাজিতে অবস্থিত আরেকটি সরকারের মধ্যে সংঘাতের মুখোমুখি হয়েছে দেশটি।
এসবি

