রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮
ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুই নেতার মধ্যে আলোচনার পর ক্রেমলিনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, এক যৌথ প্রেস ব্রিফিংয়ে পুতিন বলেন, 'আমাদের দুই দেশের মধ্যে অর্জন ও সংযোগ বড় আকারের এবং পারস্পরিক লাভজনক ‘
তিনি বলেন, ‘আমরা বর্তমান আলোচনার ফলাফল নিয়ে সন্তুষ্ট। আমি নিশ্চিত যে চুক্তিতে পৌঁছানো হয়েছে তা রাশিয়া-ইরান সম্পর্ক ও সম্পর্কের পুরো বিষয়াবলী আরও জোরদার করতে অবদান রাখবে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া বন্ধুত্বপূর্ণ ও ভালো প্রতিবেশীসুলভ রুশ-ইরান সম্পর্ককে আরও জোরদার করার ওপর অগ্রাধিকার দিচ্ছে।’
পুতিন জানান, ‘রাশিয়া ইরানে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে।’
এই চুক্তিতে প্রাথমিকভাবে রাশিয়া প্রতি বছর দুই বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার পরিকল্পনা করেছে। ভবিষ্যতে ৫৫ বিলিয়ন ঘনমিটারে সরবরাহ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কৌশলগত অংশীদার হিসাবে মস্কো এবং তেহরানের অবস্থান নিশ্চিত করে এবং একাধিক খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য একটি আইনি কাঠামো নির্ধারণ করে।
এছাড়া, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, জ্বালানি, অর্থায়ন, পরিবহন, শিল্প, কৃষি, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতিও এই চুক্তির আওতায় রয়েছে।
এসবি

