Logo

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন : জাতিসংঘ মহাসচিব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:১০

অ
লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন : জাতিসংঘ মহাসচিব

ছবি : সংগৃহীত

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউএনআইএফআইএল) অধীনে এলাকা দখল অব্যাহত রেখে এবং লেবাননের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়ে ইসরাইল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করছে বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিব 'সংহতি সফরে' লেবাননে পৌঁছান।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাকুরায় ইউএনআইএফআইএল সদর দফতরে ইউএনআইএফআইএল কমান্ডার জেনারেল আর্নাল্ডো লাথারো সাইনজের সাথে বৈঠককালে গুতেরেস জোর দিয়ে বলেছিলেন, ‘ইউএনআইএফআইএল এবং লেবাননের সেনাবাহিনীর মধ্যে অব্যাহত সমর্থন ও সমন্বয় শত্রুতার স্থায়ী অবসানকে সমর্থন করার জন্য মৌলিক পন্থা হবে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, 'ইউএনআইএফআইএল এলাকার অভ্যন্তরে ইসরায়েলি দখলদারিত্ব এবং লেবাননের ভূখণ্ডে সামরিক অভিযান পরিচালনা ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন এবং আপনাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য অব্যাহত ঝুঁকি তৈরি করছে।’

তিনি বলেন, ‘লেবানন সরকার ব্লু লাইন এবং লিতানি নদীর মধ্যে ইউএনআইএফআইএল ব্যতীত সশস্ত্র কর্মী, সম্পদ এবং অস্ত্রের উপস্থিতিও ১৭০১ নম্বর প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন এবং লেবাননের স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে।’

গুতেরেস বলেন, ‘ইউএনআইএফআইএল ২৭ নভেম্বর থেকে হিজবুল্লাহ বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর শতাধিক অস্ত্রের ভাণ্ডার আবিষ্কার করেছে।’

তিনি বলেন, লেবাননের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জোরদার করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান অব্যাহত রাখব।

এসময় লেবানন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা সম্পর্কে গুতেরেস জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়ে একে 'পুরোপুরি অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’

গুতেরেস নিশ্চিত করেন, জাতিসংঘ মাইন অপসারণ এবং অবিস্ফোরিত বোমা সরানোর সক্ষমতা নিশ্চিত করতে সেনা প্রেরণকারী দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে।’

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন