রাফাহ থেকে পিছু হটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:১৮
ছবি : সংগৃহীত
ইসরায়েলি সামরিক বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরটির কেন্দ্র থেকে তাদের যানবাহন সরিয়ে নেওয়া শুরু করেছে।
রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আল জাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী মিশরের সাথে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর তথাকথিত ফিলাডেলফি করিডোরে ফিরে আসছে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরেও গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৮৯৯-এ পৌঁছে গেছে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি প্রাণঘাতী হামলার অবসান ঘটাতে গত বুধবার (১৫ জানুয়ারি) যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেছে মধ্যস্ততাকারী দেশ কাতার।
চুক্তি অনুযায়ী, আজ রোববার (১৯ জানুয়ারি) থেকে এ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।
তিন ধাপে সম্পন্ন হতে যাওয়া এ চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি থাকবে, গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে এবং ৩৩ জন জিম্মিকে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে মুক্তি দেওয়া হবে।
দ্বিতীয় ধাপে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে।
তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে, যে কোনও মৃত জিম্মির দেহাবশেষ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনা শুরু হবে।
এসবি

