গাজায় যুদ্ধবিরতি চুক্তি, তিন ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:১৪
ছবি : সংগৃহীত
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির পদত্যাগ করেছেন। তার সঙ্গে তার জাতীয়তাবাদী ধর্মীয় দল ওজামা ইয়েহুদি আরও দুই মন্ত্রী পদত্যাগ করেছেন।
রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ওজমা ইয়েহুদি বা ইহুদি শক্তি পার্টি এখন থেকে আর ক্ষমতাসীন জোটের অংশ থাকবে না। তবে দলটি বলেছে, তারা নেতানিয়াহুর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না।
এর আগে ইসরায়েল শনিবার যুদ্ধবিরতি ঘোষণার আগের বেন গভির পদত্যাগের হুমকি দিয়েছিলেন এবং তিনি এটিকে ‘একটি বেপরোয়া চুক্তি’ বলে অভিহিত করেন।
সেসময় তিনি অন্যান্য পক্ষগুলোকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান। সেসময় তিনি বলেন, ‘প্রস্তাবিত চুক্তিটি শত শত ফিলিস্তিনি জঙ্গিকে মুক্ত করে দেবে এবং গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে আমাদের অর্জনগুলোকে মুছে ফেলবে। এর ফলে হামাস অপরাজিত থাকবে।’
প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। আজ রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল।
তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৮ ফিলিস্তিনি। তবে ইতোমধ্যে ইসরায়েলকে বন্দী মুক্তির তালিকা দিয়েছে হামাস।
এসবি

