ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের স্থান পরিবর্তন, ৪০ বছর পর ফের এ ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:২০
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন। তার শপথ গ্রহণের পূর্ব নির্ধারিত স্থান ছিল ক্যাপিটাল ভবনের বাইরে, তবে ওই দিন শীতল তাপমাত্রার আশঙ্কা করা হচ্ছে। এজন্য স্থান পরিবর্তন করে ভবনটির ভেতরে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব, তবে যে কোনো কিছু শুরু করার আগে আমাদের প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি ভাবতে হবে। ওয়াশিংটন ডিসির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঠান্ডা বায়ুপ্রবাহের কারণে তাপমাত্রা গুরুতরভাবে রেকর্ড পরিমাণ নেমে যেতে পারে। দেশজুড়ে উত্তর মেরুর শীতল প্রবাহ বয়ে যাচ্ছে। আমি কোনোভাবেই মানুষকে আহত বা হতাহত দেখতে চাই না।’
ট্রাম্প তার পোস্টে জানান, তিনি প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতা ছাড়াও উদ্বোধনী ভাষণটি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল রোটুন্ডায় আয়োজন করার নির্দেশ দিয়েছেন এবং বিশিষ্ট ব্যক্তিদের এবং অতিথিদের ক্যাপিটাল ভবনের ভেতরে নেওয়া হবে।’
১৯৮৫ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় অভিষেকই ছিল সর্বশেষ শপথগ্রহণ অনুষ্ঠান, যা ভবনটির ভেতরে স্থানান্তরিত করা হয়েছিল।
নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটনের অন্য অংশে অবস্থিত ক্যাপিটাল ওয়ান অ্যারেনা উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি দেখার জন্য এবং প্যারেড আয়োজনের জন্য সোমবার খুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, তিনি তার শপথ গ্রহণের পরে অভ্যন্তরীণ অঙ্গনে দর্শকদের সঙ্গে যোগ দেবেন, যা স্থানীয় সময় দুপুর ১২টায় নির্ধারিত।
ট্রাম্পের অভিষেকের দিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে তাপমাত্রা সর্বনিম্ন ১১ ডিগ্রি ফারেনহাইট (-১১ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বোচ্চ ২৩ ডিগ্রি ফারেনহাইট (-৫ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাসের কারণে আরও বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই তীব্র শীতল তাপমাত্রার কারণে ট্রাম্পের অভিষেক ৪০ বছরের মধ্যে সবচেয়ে শীতল সময়ে হচ্ছে।
যুক্তরাষ্ট্র ক্যাপিটাল পুলিশ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তীব্র শীতের পূর্বাভাস থাকার কারণে ক্যাপিোল ভবনের বাইরে টিকিটধারী এলাকা বন্ধ রাখা হবে।
শপথগ্রহণ অনুষ্ঠান দেখার জন্য ক্যাপিটল এলাকার চারপাশ থেকে ২,৫০,০০০ জনেরও বেশি অতিথির টিকিট বরাদ্দ করা হয়েছে এবং আরও ১০ হাজারেরও বেশি লোকের ন্যাশনাল মলের সাধারণ প্রবেশাধিকার এলাকায় বা ক্যাপিটাল থেকে হোয়াইট হাউস পর্যন্ত পরিক্রমা পথের দুই পাশে দাঁড়িয়ে থাকার ধারণা করা হয়েছিল।
কর্মকর্তারা বলছেন, যতটা বেশি সম্ভব অতিথিকে স্থান দেওয়ার জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ক্যাপিটাল ওয়ান অ্যারেনা প্রায় ২০,০০০ লোক ধারণ করতে পারে।
শপথগ্রহণ অনুষ্ঠান সম্পর্কিত যৌথ কংগ্রেসনাল কমিটি একটি বিবৃতিতে বলেছে, এই পরিবর্তনের ফলে ‘বৃহত্তর সংখ্যক’ টিকিটধারী অতিথি আর সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।
ক্যাপিটাল পুলিশ বলেছে, তারা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে আইন শৃঙ্খলা প্রয়োগকারীদের উপস্থিতি বৃদ্ধিসহ বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে এবং বিভিন্ন স্তরে শারীরিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
চীন তাদের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-কে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পাঠানোর সংবাদ নিশ্চিত করার পরপরই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান অভ্যন্তরীণ প্রাঙ্গনে আয়োজন করার খবরটি আসে। এই প্রথম কোনো ঊর্ধ্বতন চীনা নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্র : ভয়েস অফ আমেরিকা

