ভারতের কুম্ভমেলায় ভয়াবহ আগুন, যোগিকে মোদির ফোন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৬
ভারতের এলাহাবাদের ঐতিহ্যবাহী কুম্ভমেলায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। অসংখ্য তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সেখান থেকেই আগুনের সূত্রপাত।
রোববার সকাল থেকে তীর্থযাত্রীদের পবিত্রস্নানে জমে উঠেছিল মহাকুম্ভ। তার মধ্যেই আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আগত তীর্থযাত্রীরা।
মেলার শাস্ত্রী ব্রিজ সংলগ্ন সেক্টর ১৯ চত্বরে সর্বপ্রথম আগুন লাগে। এরপর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সেই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন মেলায় উপস্থিত জনতা।
এরই মধ্যে সোশাল মিডিয়ায় আগুন লাগার কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথকে ফোন করেছেন। ইটিভি ভারত জানিয়েছে, আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতেই যোগিকে ফোন দিয়েছিলেন মোদি।
এ প্রসঙ্গে আখড়া থানার পুলিশ কর্মকর্তা ভাষ্কর মিশ্র বলেছেন, মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ দুটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছিল। এর জেরে একাধিক তাঁবুতে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছেন।’
তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। অনুমান করা হচ্ছে, তাঁবুর ভেতরে রান্নার কাজের সময়ও কোনোভাবে আগুন ছড়াতে পারে।
বিএইচ/

