নারীশিক্ষার পর্যাপ্ত সুযোগ না দেওয়া বেইনসাফি : তালেবান মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬
তালেবান সরকারের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই
আফগানিস্তানে নারীদের শিক্ষার ওপর যে নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে, তা তাদের সঙ্গে বেইনসাফি বলে মন্তব্য করেছেন তালেবান সরকারের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। তিনি সরকারের কাছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) জিও নিউজ জানিয়েছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি মাদ্রাসায় সমাপনী অনুষ্ঠানে বক্তৃতার সময় উপমন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, দেশে ৪ কোটি জনগণ, তাদের মধ্যে ২ কোটি নারী। শিক্ষাক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, যা ইসলামি শরিয়ত সমর্থন করে না।
এজন্য মেয়েদের শিক্ষার দ্বার উন্মোচনে দেশের দায়িত্বশীলদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন শের মোহাম্মদ আব্বাস। তিনি বলেছেন, নবী কারিম (সা.)-এর যুগেও নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষার দরজা খোলা ছিল। এজন্য নারীদের শিক্ষা অস্বীকার করার কোনো বৈধ কারণ নেই।
শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইকে তালেবানের ‘সপ্তরথী’ অর্থাৎ শীর্ষ সাত নেতার মধ্যে একজন বিবেচনা করা হয় বলে জানা গেছে এবং ৪০ বছর আগে তিনি ভারতের দেরাদুন থেকে সেনা প্রশিক্ষণ নিয়েছিলেন। ভারতীয় একটি পত্রিকা দাবি করেছে যে, দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির ১৯৮২ ব্যাচের ছাত্র তালেবান সরকারের বর্তমান এই উপমন্ত্রী।
সূত্র : জিও নিউজ
বিএইচ/

