ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি আনবেন : আল-শারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৫:০০
ছবি : সংগৃহীত
দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারা বলেন, ‘তিনি মধ্যপ্রাচ্যে শান্তি আনবেন।’
মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, শারা প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আত্মবিশ্বাসী যে তিনিই মধ্যপ্রাচ্যে শান্তি এবং এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার নেতা।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা সংলাপ এবং বোঝাপড়ার ভিত্তিতে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য উন্মুখ।’
প্রসঙ্গত, শারার ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দেয়।
বর্তমানে, ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক সংঘাতের পর দেশ পুনর্গঠনে সহায়তা করার জন্য সিরিয়ার নতুন নেতারা আর্থিক সহায়তা চাইছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো সেই সাথে সিরিয়ার প্রতিবেশীরাও নতুন শাসকের প্রতি ‘সন্ত্রাসবাদ ও চরমপন্থা’ মোকাবিলার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
এসবি

