Logo

আন্তর্জাতিক

ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের অভিনন্দন, আরও সমর্থন প্রত্যাশা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

অ
ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের অভিনন্দন, আরও সমর্থন প্রত্যাশা

ছবি : সংগৃহীত

দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি সরকারি কর্মকর্তারা। সেই সাথে ইসরায়েলের জন্য আরও মার্কিন সমর্থন প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ট্রাম্পের প্রথম মেয়াদ আমাদের দুই দেশের মধ্যে মহান জোটের ইতিহাসে যুগান্তকারী মুহূর্তে পরিপূর্ণ ছিল।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আবারও একসঙ্গে কাজ করে আমরা যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে আরও উচ্চতায় নিয়ে যাবো।’

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হুমকির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তিনি আত্মবিশ্বাসী যে তারা ইরানের সন্ত্রাসীদের পরাজয় নিশ্চিত করবে এবং এই অঞ্চলের জন্য শান্তি ও সমৃদ্ধির নতুন যুগের সূচনা করবে।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক অটুট’। তিনি তার দেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও অঙ্গীকারের প্রশংসা করেন।

সাবেক প্রতিরক্ষা প্রধান ও ন্যাশনাল ইউনিটি পার্টির প্রধান বেনি গান্টজ আশা করে বলেন, ট্রাম্পের মেয়াদে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট নতুন মাত্রায় যাবে।

বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, ‘ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি গাজা থেকে ইসরায়েলি বন্দিদের দেশে ফিরিয়ে আনতে পারেন।’

প্রসঙ্গত, রোববার সকালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, যার মাধ্যমে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা স্থগিত করা হয়।

তিন ধাপের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে রয়েছে বন্দি বিনিময় এবং টেকসই শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার।

উল্লেখ্য, গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, ১ লাখ ১০ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন