পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২২:০৫
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার বলেছিল, সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থা ‘সন্ত্রাসবাদ বিরোধী অভিযান’ শুরু করেছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩৫ জনেরও বেশি লোক আহত হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি বাহিনী বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়। ফলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী আহত হয়। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই অভিযানের লক্ষ্য ‘সন্ত্রাসবাদ নির্মূল করা’। ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন, চলমান অভিযানকে ‘আয়রন ওয়াল’ বলা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব এই পদক্ষেপকে ‘আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
গত সপ্তাহে, জেনিনের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়।
ওএফ

