যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গত রোববার (১৯ জানুয়ারি) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরেও গাজায় ইসরায়েলি সহামলা এখনও অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার দুই ফিলিস্তিনি নিহত ও অন্যরা আহত হয়েছেন। একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানিয়েছে, দক্ষিণ গাজার পশ্চিম রাফাহের তেল আল-সুলতান এলাকার একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে।
ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির অধীনে আশপাশের এলাকাকে ‘নিরাপদ’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে ফিলিস্তিনিরা ফিরে যেতে পারে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
মেডিকেল সূত্র জানিয়েছে, আল-বুরেজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত একজন ফিলিস্তিনিকে মধ্য গাজার দেইর আল-বালাহে আল-আকসা শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এর ফলে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের আপাতত অবসান ঘটলেও ভূখণ্ডটিতে ইসরায়েলি আক্রমণে নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন। ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের এই আগ্রাসনে ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি,গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনের বিষয়টিও রয়েছে।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গত নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এছাড়া, গাজায় গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।
এসবি

