Logo

আন্তর্জাতিক

নিউইয়র্কে ৪ বাংলাদেশি গ্রেপ্তারের খবর সঠিক নয়

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:২১

অ
নিউইয়র্কে ৪ বাংলাদেশি গ্রেপ্তারের খবর সঠিক নয়

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নথিপত্রহীন চার বাংলাদেশি গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। ঢাকার কয়েকটি দৈনিকে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। 

আইন প্রয়োগকারী সংস্থা বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সূত্রে জানা গেছে, গত চার দিনে নিউইয়র্কের ব্রুকলিন বা অন্য কোনো স্থানে কোনো বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়নি।  

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান অভিযানে সাতটি অঙ্গরাজ্যে ৫৩৮ জন অ-নথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তালিকায় কোনো বাংলাদেশির নাম নেই। 

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ওপর ধরপাকড় শুরু হয়েছে। এতে নথিপত্রহীন বাংলাদেশিদেরও আতঙ্কে দিন কাটছে।

প্রতিবেদনে বলা হয়েছিল, নিউইয়র্কের ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। 

তবে স্থানীয় প্রবাসীদের ভাষ্যমতে, এই খবর সঠিক নয়। নিউইয়র্কের কোনো গণমাধ্যমে এ ধরনের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়নি। ফুলটন এলাকার বাসিন্দারাও এমন কোনো গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করতে পারেননি। 

এদিকে, নিউইয়র্কে অভিবাসন আইনজীবীদের বিরুদ্ধে অসহায় বাংলাদেশি অভিবাসীদের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

নিউইয়র্ক প্রবাসী অ্যাক্টিভিস্ট নাসির খান পল এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, 'গ্রেপ্তারের খবর ভুয়া। কেউ কেউ কাগজপত্র ঠিক করার অজুহাতে ভয় দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে।'

তিনি অভিবাসীদের আইনি পন্থায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার পরামর্শ দেন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রজুড়ে চলমান অভিযানে নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া ব্যক্তির তালিকায় এল সালভাদরের এমএস-১৩ গ্যাং সদস্য ও যৌন অপরাধে অভিযুক্ত জ্যামাইকার এক নাগরিকের নাম রয়েছে।

কেএম/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন