দিনের বেলা ফাস্ট ফুডের বিজ্ঞাপন বন্ধ করছে ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯
ছবি : সংগৃহীত
ব্রিটেনের টিভি পর্দায় দিনের বেলা যখনই চোখ যায়, বার্গার, মাফিন ও অন্যান্য লোভনীয় জাঙ্ক ফুডের বিজ্ঞাপন দেখা যায় । এসব দেখলেই শিশুরা খেতে চান। আবদার করেন। তাই অনেক সময় বাবা-মায়েরাও বাধ্য হন তাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়াতে। এর ফলে শিশুদের মধ্যে স্থূলতার (চাইল্ড ওবেসিটি) প্রবণতা বাড়ছে এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় এবার বড় পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
চলতি বছরের অক্টোবর থেকে ব্রিটেনে দিনে টিভিতে জাঙ্ক ফুড ও চিনিযুক্ত খাবারের বিজ্ঞাপন বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে তারা। বিশেষ করে, গ্রানোলা, মাফিন, ফাস্ট ফুড, চিনিযুক্ত পানীয়, পেস্ট্রি, এনার্জি বার, এবং মিষ্টি দইয়ের বিজ্ঞাপন বন্ধ থাকবে। এই পদক্ষেপটি শৈশবকালীন স্থূলতা কমানোর জন্য এবং শিশুদের স্বাস্থ্য রক্ষা করার জন্য নেওয়া হয়েছে।
ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) একটি রিপোর্ট অনুসারে, ব্রিটেনে ৯ দশমিক ২ শতাংশ শিশু স্থূলতায় আক্রান্ত এবং ২৩ দশমিক ৭ শতাংশ পাঁচ বছর বয়সী শিশুদের দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে অতিরিক্ত চিনি খাওয়ার কারণে।
ব্রিটিশ স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বলেন, ‘এটি যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্কারের প্রথম পদক্ষেপ। আমাদের লক্ষ্য শুধু স্বাস্থ্য সমস্যাগুলোর চিকিৎসা নয়, বরং প্রতিরোধে আরও বেশি মনোযোগ দেওয়া এবং প্রতিটি শিশুকে সুস্থ ও সুখী জীবন শুরু করতে সাহায্য করা।’
সরকার আশা করছে, এই নতুন নিয়মের মাধ্যমে প্রতি বছর প্রায় ২০,০০০ শিশু স্থূলতার কেস প্রতিরোধ করা সম্ভব হবে। স্বাস্থ্য সচিব ওয়েস বলেন, ‘স্থূলতা শিশুদের সুস্থ জীবন শুরু করার সুযোগ কেড়ে নেয় এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা তৈরি করে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’
এর আগে, প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ২০২১ সালে রাত ৯টার আগে অস্বাস্থ্যকর খাবারের জন্য টিভি বিজ্ঞাপন নিষিদ্ধ করতে বলেছিলেন, তবে জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে খাদ্য ও পানীয় শিল্পকে সময় দিতে ২০২৫ সাল পর্যন্ত নিষেধাজ্ঞাটি কার্যকর করার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছিল।
এটিআর/

